জলপাইগুড়ি, ১৩ মেঃ বানারহাটর রেতি জঙ্গল এলাকায় হাতির হামলায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ডুয়ার্স জুড়ে। মৃতের নাম গোখলে ছেত্রী। বয়স প্রায় ৫০ বছর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কারবালা চা বাগানের পাঁচ বন্ধু একসঙ্গে রেতি জঙ্গলে ঘাস কাটতে যান। সেই সময় আচমকাই একটি দলছুট হাতির সামনে পড়েন তাঁরা। চারজন কোনওরকমে পালিয়ে প্রাণ বাঁচালেও গোখলে ছেত্রী হাতির সামনে পড়ে যান। অভিযোগ, হাতিটি তাঁকে শুঁড়ে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। পরে তাঁর সঙ্গীরা বাড়ি ফিরে পুরো ঘটনার কথা জানান। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠায়। ঘটনার পর এলাকায় মানুষ ও হাতির সংঘাত নিয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে।





