দিনহাটা, ১৩ জুলাইঃ এক সময় উত্তরবঙ্গে মহিলা শরীর শিক্ষা প্রশিক্ষণের একমাত্র ভরসা ছিল এই প্রতিষ্ঠান। আজ সেখানে আগাছার দখল, ভাঙাচোরা পরিকাঠামো আর নীরবতা। দীর্ঘদিন বন্ধ পড়ে থাকা সেই মহাবিদ্যালয়েই সোমবার পৌঁছলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বোস ও দিনহাটার বিধায়ক অজয় রায়। তাঁদের পরিদর্শন ঘিরেই ফের জোরালো হল প্রতিষ্ঠানটি পুনরায় চালুর জল্পনা।
সোমবার দুপুরে দিনহাটার পুটিমারি এলাকায় অবস্থিত উত্তরবঙ্গের একমাত্র মহিলা শরীর শিক্ষা মহাবিদ্যালয় ঘুরে দেখেন বিধানসভার অধ্যক্ষ এবং স্থানীয় বিধায়ক। দীর্ঘদিন ধরে পরিকাঠামোগত সমস্যার কারণে বন্ধ রয়েছে প্রতিষ্ঠানটি। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে ক্যাম্পাস জুড়ে আগাছা, বহু অংশ জরাজীর্ণ। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে অবহেলায় পড়ে রয়েছে রাজ্যের এই গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান।
পরিদর্শনের পর বিধায়ক অজয় রায় জানান, মহাবিদ্যালয়টি পুনরায় চালুর বিষয়টি তিনি ইতিমধ্যেই রাজ্যের শিক্ষামন্ত্রীর নজরে এনেছেন। এ দিন বিধানসভার অধ্যক্ষ সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। প্রয়োজনীয় সংস্কার ও প্রশাসনিক উদ্যোগ দ্রুত নেওয়া গেলে উত্তরবঙ্গের ছাত্রীদের জন্য এই প্রতিষ্ঠান আবার খুলে দেওয়া সম্ভব হবে বলেই আশাবাদী তিনি।
একই দিনে দিনহাটা কলেজও পরিদর্শন করেন বিধায়ক। কলেজের পরিকাঠামো, শিক্ষার পরিবেশ এবং চলমান উন্নয়নমূলক কাজ নিয়ে অধ্যক্ষের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক অস্থিরতার বদলে পড়াশোনার পরিবেশ বজায় রাখার উপর জোর দেন তিনি। তাঁর বক্তব্য, কলেজে কোনও ধরনের নোংরা রাজনীতি নয়, শিক্ষার স্বার্থই হওয়া উচিত সর্বাগ্রে।
দীর্ঘদিন বন্ধ থাকা মহিলা শরীর শিক্ষা মহাবিদ্যালয় ঘিরে এ দিনের প্রশাসনিক তৎপরতা শিক্ষা মহলে নতুন আশার সঞ্চার করেছে। এখন নজর, পরিদর্শনের পর বাস্তবিকই সংস্কার ও পুনরায় পঠনপাঠন শুরুর প্রক্রিয়া কত দ্রুত এগোয়।





