জলপাইগুড়ি, ৭ ফেব্রুয়ারি : ঘাস কাটতে গিয়ে নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চাবাগানে বাইসনের হামলায় মৃত্যু হল এক মহিলার।এ ঘটনায় ঐ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ সুত্রেই জানা গিয়েছে মৃতার নাম সাবিত্রী কাওয়ার (৫৬)।বাড়ি বামনডাঙ্গা চাবাগানের মডেল ভিলেজে।
জানা গিয়েছে এদিন দুপুরে বাড়ি গরুর জন্য অনান্য মহিলাদের সাথে ঘাস কাটতে গিয়েছিলেন সাবিত্রী দেবী। সকলে আপন ছন্দে ঘাস কাটছিলেন। সেই সময় আচমকাই ডায়নার জঙ্গল থেকে একটি বুনো মোষ বেড়িয়ে তাদের সামনে এসে দাড়িয়ে পড়ে। সকলে পালিয়ে গেলেও বাইসন দেখে হতভম্ব হয়ে যায় বন্ধ এই চাবাগানের মহিলা শ্রমিকটি। বাইসনটি তাকে কাছে পেয়ে তার পেটে ও বুকে শিং দিয়ে গুতো মারে।
বেশ কয়েক ফুট দূরে ছিটকে পড়ে মহিলাটি।ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাইসনটি সেখান থেকে চলে গেলে অনান্য মহিলারা গ্রামে গিয়ে খবর দেয়। এরপরই ঘটনাস্থলে চলে আসে ডায়না রেঞ্জের বনকর্মি ও নাগরাকাটা থানার পুলিশ। তারাই বিকেল সাড়ে চারটা নাগাদ দেহ উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।চিকিৎসকে সাবিত্রী দেবীকে মৃত বলে ঘোষণা করে।





