কলকাতা, ১০ সেপ্টেম্বর: বদলি-বিল নিয়ে বিধানসভায় আলোচনা, আর সেই সূত্রেই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তীব্র আক্রমণ। আন্তঃবিশ্ববিদ্যালয় শিক্ষক ও কর্মী বদলির প্রস্তাবিত বিল নিয়ে বলতে গিয়ে বৃহস্পতিবার বিধানসভার বিশেষ অধিবেশনে যাদবপুর এবং শিক্ষক সংগঠন ‘জুটা’কে নিশানা করেন তিনি। শুধু বিলের প্রয়োজনীয়তা ব্যাখ্যা নয়, বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিবেশ নিয়েও একের পর এক কড়া মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
যাদবপুরের বামপন্থী মনোভাবাপন্ন শিক্ষকদের উদ্দেশে তাঁর বক্তব্য, ‘‘এত জ্ঞান, এত আন্তর্জাতিক বুদ্ধি যাদের, তাদের আমরা রাজ্যের নতুন ও পিছিয়ে পড়া দুর্বল বিশ্ববিদ্যালয়গুলিতে পাঠাব যাতে সেই সব কেন্দ্রগুলিও সবল হয়ে ওঠে।’’ জুটার সদস্যদের ভূমিকা নিয়েও মুখ্যমন্ত্রী বলেন, তাঁদের অতীতের কর্মকাণ্ডের সমস্ত ইতিহাস সরকারের কাছে রয়েছে।
মুখ্যমন্ত্রীর দাবি, প্রস্তাবিত বিলটির গুরুত্ব প্রথম দিকে বিরোধী দল এবং অধ্যাপক সংগঠনগুলি বুঝতে পারেনি। এখন সরকারের অবস্থান স্পষ্ট হতেই বিভিন্ন মহলে ‘চিড়বিড়’ শুরু হয়েছে বলেও কটাক্ষ করেন তিনি।
এর পরেই যাদবপুরের ক্যাম্পাসের রাজনৈতিক পরিবেশ প্রসঙ্গে আরও আক্রমণাত্মক সুর শোনা যায় তাঁর গলায়। জাতীয় পতাকা নিয়ে অনুমতি সাপেক্ষে মিছিলের অধিকার স্বীকার করলেও ক্যাম্পাসে ‘কিষাণজি’ বা দেশবিরোধী স্লোগান বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানান মুখ্যমন্ত্রী। ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ স্লোগান নিয়েও কড়া অবস্থানের কথা জানান তিনি।
শুধু রাজনৈতিক অবস্থান নয়, চাকরির নিয়মকানুন নিয়ে ক্ষুব্ধ শিক্ষকদেরও নিশানা করেন শুভেন্দু। তাঁর মন্তব্য, ‘‘যাদের এই সরকারি চাকরিতে এত অসুবিধা হচ্ছে, তারা চাকরি ছেড়ে দিন। কাঁধে ঝোলা ব্যাগ ঝুলিয়ে পাকাপাকি হোলটাইমার হয়ে যান এবং নিউ মার্কেটে কৌটো হাতে চাঁদা তুলতে নেমে পড়ুন।’’
তবে বিতর্কের কেন্দ্রে রয়েছে বদলি-বিলটিই। প্রস্তাবিত সংশোধনীতে নতুন ১৪এ ধারা যোগ করে প্রশাসনিক প্রয়োজনের ভিত্তিতে এক বিশ্ববিদ্যালয়ের কর্মীকে অন্য বিশ্ববিদ্যালয়ে বদলির সুযোগ তৈরি করার কথা বলা হয়েছে। ২০১৭ সালের আইনে কলেজের শিক্ষক, গ্রন্থাগারিক, আধিকারিক ও অশিক্ষক কর্মীদের বদলির ব্যবস্থা থাকলেও বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে এমন নির্দিষ্ট বিধান ছিল না। সেই ঘাটতি পূরণ করতেই নতুন ধারা আনার উদ্যোগ।
ফলে একটি প্রশাসনিক বিলের আলোচনা ঘিরে বৃহস্পতিবার বিধানসভার মঞ্চে উঠে এল যাদবপুরের দীর্ঘদিনের রাজনৈতিক বিতর্কও। এখন প্রশ্ন, এই বদলি-বিধান কি শুধুই প্রশাসনিক সংস্কার, নাকি এর অভিঘাত পড়বে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিসরেও?





