খবরিয়া ২৪ ডেস্ক, ৫ জানুয়ারিঃ রাজ্যে এসআইআর শুনানি পর্ব ঘিরে বিতর্ক ও জল্পনা ক্রমশ বাড়ছে। সাধারণ মানুষের পাশাপাশি একের পর এক তারকাকেও শুনানিতে ডাকার খবর সামনে আসছে। কিছুদিন আগেই কবি জয় গোস্বামীকে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছিল। এবার সেই তালিকায় নাম জুড়ল জনপ্রিয় অভিনেতা ও ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের। অভিযোগ, খসড়া ভোটার তালিকায় নাম না থাকায় নাকি তাঁকেও এসআইআর শুনানিতে ডাকা হয়েছে।
৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাসের দাবি, দেবকে শুনানিতে ডাকা হয়েছে। তবে তিনি একা নন। তাঁর সঙ্গে তালিকায় রয়েছেন আরও একাধিক পরিচিত মুখ। কাউন্সিলর মৌসুমী দাস সংবাদ মাধ্যমকে জানান, “লাবনী সরকারকে তো সবাই চেনে। তিনি বাংলা সিনেমার একজন নামী অভিনেত্রী। কৌশিক বন্দ্যোপাধ্যায় এসেছেন। এমন আরও অনেক পরিচিত মানুষকে ডাকা হয়েছে।”
তিনি আরও দাবি করেন, প্রখ্যাত ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামিকেও শুনানিতে ডাকা হয়েছিল। তবে খেলার কারণে তিনি নির্দিষ্ট দিনে হাজির হতে পারেননি। ফলে তাঁকে দ্বিতীয়বার তারিখ দেওয়া হয়েছে বলে জানান কাউন্সিলর। এরপরেই মৌসুমী দাস বলেন, “দেবকেও ডাকা হয়েছে। তিনি তো সাংসদ। তাঁকেও শুনানিতে ডাকা হচ্ছে। সব ধরনের মানুষকে ডাকা হচ্ছে। এটা হয়রানি ছাড়া আর কিছুই নয়। এমনকি শুনানিতে অদ্ভূত অদ্ভূত প্রশ্ন করা হচ্ছে।”
তবে কাউন্সিলরের এই দাবির সঙ্গে সাংঘর্ষিক তথ্যও সামনে এসেছে। সংবাদ মাধ্যমকে অভিনেতা দেব নিজেই জানিয়েছেন, তিনি এসআইআর শুনানির জন্য কোনওরকম নোটিস বা ডাক পাননি। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা আরও বেড়েছে।
এদিকে জানা যাচ্ছে, শুধু তারকারাই নন, প্রশাসনিক স্তরের ব্যক্তিরাও এসআইআর শুনানির ডাক পাচ্ছেন। সম্প্রতি জলপাইগুড়ির এক বিডিওকে শুনানিতে ডাকা হয়েছিল বলে খবর। পাশাপাশি প্রাক্তন সেনা জওয়ানদের পরিবারকেও শুনানিতে হাজির হতে বলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সব মিলিয়ে এসআইআর শুনানি ঘিরে প্রশাসনিক স্বচ্ছতা ও হয়রানির অভিযোগে রাজনৈতিক ও সামাজিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিতর্ক কোন দিকে গড়ায়, সেদিকেই এখন নজর।





