খবরিয়া ২৪ ডেস্ক, ১৫ মার্চঃ পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন। দিল্লিতে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, এপ্রিল মাস জুড়েই চলবে ভোটপর্ব এবং সব রাজ্যের ফল ঘোষণা করা হবে আগামী ৪ মে।
ঘোষণা অনুযায়ী, বাংলায় মোট ২৯৪টি বিধানসভা আসনে দু’দফায় ভোটগ্রহণ করা হবে। প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল, যেখানে ১৫২টি আসনে ভোট নেওয়া হবে। দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল, সেই দফায় বাকি ১৪২টি আসনে ভোটগ্রহণ করা হবে। সব দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পর ৪ মে একসঙ্গে ফল ঘোষণা করা হবে।
পশ্চিমবঙ্গ ছাড়াও আরও চার রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সেই সব রাজ্যে এক দফাতেই ভোটগ্রহণ সম্পন্ন হবে। কমিশন জানিয়েছে, আসাম, কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি-তে ৯ এপ্রিল এক দফায় ভোট হবে। অন্যদিকে তামিলনাড়ু-তে এক দফায় ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল।
ফলে পাঁচ রাজ্যের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গেই দু’দফায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ভোটের সূচি ঘোষণার পর থেকেই রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার করতে শুরু করেছে। এখন নজর থাকবে প্রচার, প্রার্থী ঘোষণা এবং নির্বাচনী লড়াইয়ের দিকে।





