কোচবিহার, ২৪ মেঃ কোচবিহার প্রেস ক্লাবে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। রবিবার সকাল ১১টা থেকে আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শুরু হয় এবং তা চলবে দুপুর ৩টে পর্যন্ত। প্রেস ক্লাব প্রাঙ্গণে সকাল থেকেই সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসবের আবহে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটদান পর্ব।
প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে ভোটকে ঘিরে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে সকলে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হন। ভোট গ্রহণকে কেন্দ্র করে ক্লাব চত্বরে নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়েও বিশেষ নজর রাখা হয়েছে।
প্রেস ক্লাবের সদস্যদের একাংশ জানান, এই নির্বাচন শুধুমাত্র কমিটি গঠনের জন্য নয়, সাংবাদিক সমাজের ঐক্য ও পেশাগত উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও আশাবাদী তাঁরা।





