জলপাইগুড়ি, ৪মেঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন আজ। জলপাইগুড়ি জেলার মালবাজারে অবস্থিত পরিমল মিত্র মহাবিদ্যালয়কে করা হয়েছে গুরুত্বপূর্ণ গণনা কেন্দ্র। সকাল থেকেই সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ছে। মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ, যাতে শান্তিপূর্ণভাবে গণনা প্রক্রিয়া সম্পন্ন হয়।
গণনা কেন্দ্রে প্রবেশের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টদের নির্দিষ্ট নিয়ম মেনে লাইনে দাঁড়িয়ে ঢুকতে দেখা যায়। প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ধাপে নজরদারি চালানো হচ্ছে।
এই কেন্দ্রে মূলত দুটি বিধানসভা আসনের ভোট গণনা করা হচ্ছে—মালবাজার এবং নাগরাকাটা। মোট কুড়িটি টেবিলে গণনার ব্যবস্থা করা হয়েছে এবং প্রায় চৌদ্দ দফায় সম্পূর্ণ গণনা শেষ হবে বলে জানা গেছে।
ফলাফল ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে, তবে প্রশাসন আশাবাদী যে সম্পূর্ণ প্রক্রিয়া নির্বিঘ্নেই শেষ হবে।





