খবরিয়া ২৪ ডেস্ক, ১৯ জানুয়ারিঃ ফের অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। বর্তমানে কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে একটি অনুষ্ঠান বাড়িতে যোগ দিয়েছিলেন সৌগত রায়। সেখানে খাওয়া-দাওয়ার পর বাড়ি ফিরে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। পরিস্থিতি গুরুতর হওয়ায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসক সূত্রে খবর, সাংসদের ডায়ারিয়া হয়েছে এবং আচমকাই তাঁর রক্তে শর্করার মাত্রা বিপজ্জনকভাবে কমে যায়। রবিবার রাত থেকেই সোমবার সকাল পর্যন্ত একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। পাশাপাশি কয়েকদিন আগেই তাঁর বুকে পেসমেকার বসানো হয়েছিল। সেই সংক্রান্ত কোনও জটিলতা দেখা দিয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন চিকিৎসকেরা। আপাতত পর্যবেক্ষণেই রাখা হয়েছে সৌগত রায়কে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রিপোর্ট সন্তোষজনক থাকলে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একাধিকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে বর্ষীয়ান এই সাংসদকে। গত বছরের ১০ মার্চ লোকসভা অধিবেশন শেষে সংসদ ভবন থেকে বেরোনোর সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন সংসদের কর্মীরা তাঁকে হুইলচেয়ারে করে বাইরে নিয়ে যান। এরপর ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন আড়িয়াদহে একটি মন্দির উদ্বোধন করতে গিয়ে আবার অসুস্থ হয়ে পড়েন সৌগত রায়। সে সময় তাঁকে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তাঁর বুকে পেসমেকার বসানো হয়েছিল।
এরপর গত ২২ জুন ফের বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয় সাংসদকে। তখন তাঁর শরীরে ভিটামিন বি ওয়ানের ঘাটতি, শিরদাঁড়ার নিচে তীব্র ব্যথা, জটিল স্নায়ুরোগ এবং ফুসফুসের সংক্রমণ ধরা পড়ে। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর সেবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি।
এবার ফের অসুস্থ হয়ে পড়ায় সৌগত রায়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে রয়েছেন তাঁর অনুগামী ও দলীয় নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।





