কোচবিহা, ২ জুলাই: গ্রামীণ কর্মসংস্থান ও পরিকাঠামো উন্নয়নে নতুন উদ্যোগের সূচনা হল কোচবিহারে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে চালু করা হল ভিবি-জি আরএএম-জি(বিকশিত ভারত–রোজগারের নিশ্চয়তা ও আজীবিকা মিশন) প্রকল্প। দেশের অন্যান্য জেলার পাশাপাশি কোচবিহারেও এ দিন প্রকল্পের উদ্বোধন করা হয়। প্রশাসনের দাবি, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ।
জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক, পঞ্চায়েত প্রতিনিধিরা এবং সংশ্লিষ্ট দফতরের কর্মীরা। অনুষ্ঠানে প্রকল্পের উদ্দেশ্য ও বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রকল্পের অন্যতম লক্ষ্য গ্রামীণ পরিবারের জন্য বছরে ১২৫ দিনের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা। একই সঙ্গে গ্রামে টেকসই সম্পদ ও পরিকাঠামো গড়ে তোলা, স্থানীয় স্তরে উৎপাদনশীল কাজের সুযোগ বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে জীবিকার ভিত্তি শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়েছে। জল সংরক্ষণ, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং জনপরিকাঠামো উন্নয়নের মতো ক্ষেত্রেও এই প্রকল্পের আওতায় বিভিন্ন কাজ হাতে নেওয়া হতে পারে বলে প্রশাসন সূত্রের খবর।
জেলা প্রশাসনের দাবি, কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি স্থানীয় মানুষের আয় বৃদ্ধির সুযোগ তৈরি করাই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। বিশেষ করে গ্রামীণ এলাকার শ্রমনির্ভর পরিবারগুলিকে নিয়মিত কাজের সুযোগ দেওয়ার মাধ্যমে আর্থিক নিরাপত্তা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রকল্পের মাধ্যমে গড়ে ওঠা পরিকাঠামো ভবিষ্যতে কৃষি ও গ্রামীণ অর্থনীতির বিকাশেও সহায়ক হবে বলে আশা প্রশাসনের।
প্রশাসনের বক্তব্য, কেন্দ্রের এই উদ্যোগের সফল বাস্তবায়নে জেলা স্তরে প্রয়োজনীয় সমন্বয় রেখে দ্রুত প্রকল্পের কাজ শুরু করা হবে। স্থানীয় পঞ্চায়েত ও সংশ্লিষ্ট দফতরগুলির মাধ্যমে পর্যায়ক্রমে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে। গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান এবং টেকসই জীবিকা এই তিন ক্ষেত্রকে সামনে রেখেই আগামী দিনে প্রকল্পটি বাস্তবায়িত হবে বলে প্রশাসনের আশা।





