আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ডিজিপি নিয়োগ নিয়ে অনিশ্চয়তা: CAT-এর নির্দেশ চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টে UPSC

Published on: January 29, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২৯ জানুয়ারিঃ ২০২৩ সাল থেকে রাজ্যের পুলিশের শীর্ষ পদে ভারপ্রাপ্ত ডিজিপি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন রাজীব কুমার (Rajeev Kumar)। কিন্তু তাঁর পরিষেবা মেয়াদ শেষের মুখে। এই পরিস্থিতিতে রাজ্যে নতুন পূর্ণকালীন ডিজিপি নিয়োগ নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হল। কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল (CAT)-এর একটি নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টে মামলা দায়ের করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)। ফলে নির্ধারিত সময়ের মধ্যে রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগ আদৌ সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

চলতি মাসের শুরুতে CAT নির্দেশ দেয়, বর্তমান ভারপ্রাপ্ত ডিজিপি রাজীব কুমারের অবসর গ্রহণের দিন, অর্থাৎ ৩১ জানুয়ারির মধ্যেই রাজ্যে নতুন ডিজিপি নিয়োগের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর ২১ জানুয়ারি ট্রাইব্যুনাল রাজ্য সরকারকে জানায়, ২৩ জানুয়ারির মধ্যেই UPSC-তে প্রস্তাব পাঠাতে হবে, যাতে সময়সীমার মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা যায়।

CAT-এর নির্দেশ মেনে রাজ্য সরকার গত সপ্তাহে আটজন আইপিএস আধিকারিকের একটি প্যানেল UPSC-তে পাঠায়। সেই তালিকায় বর্তমান ভারপ্রাপ্ত ডিজিপি রাজীব কুমারের নামও রয়েছে। একইসঙ্গে তাঁর পরিষেবা মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়ে তাকেই পূর্ণকালীন ডিজিপি করার প্রস্তাব দেয় রাজ্য সরকার।

বর্তমানে রাজ্য পুলিশের কোনও পূর্ণকালীন ডিজিপি নেই। নিয়ম অনুযায়ী, রাজ্য সরকারের পাঠানো যোগ্য আইপিএস আধিকারিকদের প্যানেল যাচাই করে চূড়ান্ত অনুমোদন দেয় UPSC। কিন্তু এই নিয়োগ ঘিরে জটিলতা শুরু হয়, যখন কমিশন রাজ্য সরকারের পাঠানো তালিকা গ্রহণ করতে অস্বীকার করে।

UPSC জানিয়েছে, সুপ্রিম কোর্টের ২০১৮ সালের নির্দেশিকা অনুযায়ী, কোনও ডিজিপির অবসরের অন্তত তিন মাস আগে উত্তরসূরির প্যানেল পাঠানো বাধ্যতামূলক। মনোজ মালব্যর অবসরের আগে, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে সেই প্যানেল পাঠানো হয়নি। নিয়ম না মেনেই রাজীব কুমারকে ভারপ্রাপ্ত ডিজিপি করা হয়েছিল বলে কমিশনের দাবি।

এই প্রেক্ষিতেই CAT-এর নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টে মামলা করেছে UPSC। ফলে রাজ্যে নতুন পূর্ণকালীন ডিজিপি নিয়োগ নিয়ে প্রশাসনিক ও আইনি জটিলতা আরও বাড়ল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment