খবরিয়া ২৪ ডেস্ক, ২৩ ফেব্রুয়ারিঃ বাম শিবির ছেড়ে তৃণমূলে যোগদানের পর থেকেই রাজনৈতিক মহলের আলোচনায় রয়েছেন ডায়মন্ড হারবারের তরুণ নেতা প্রতীক উর রহমান। তবে রাজনৈতিক সিদ্ধান্তের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও শুরু হয়েছিল জোর জল্পনা। সোশ্যাল মিডিয়ায় রটে যায়, দলবদলের জেরে নাকি স্ত্রী শিরিন সুলতানার সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে। এমনকি তাঁদের বিচ্ছেদের কথাও ছড়াতে শুরু করে বিভিন্ন মহলে।
এই পরিস্থিতিতেই রবিবার রাতে স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে একটি ছবি পোস্ট করেন প্রতীক উর। ছবিতে দেখা যায়, ঘরোয়া পরিবেশে বিছানায় বসে রয়েছেন তিনি, পাশে স্ত্রী শিরিন এবং তাঁদের মেয়ে। সন্তানকে পড়াচ্ছেন শিরিন। ছবির ক্যাপশনে লেখেন, “আপাতত এটুকুই।” সংক্ষিপ্ত এই বার্তার মধ্যেই যেন সব জল্পনার জবাব দিলেন তিনি। স্পষ্ট করে বুঝিয়ে দিলেন, পরিবার তাঁর পাশেই রয়েছে এবং গুঞ্জনে কান দেওয়ার কোনও কারণ নেই।
প্রসঙ্গত, কয়েকদিন আগে সিপিএমের প্রাথমিক সদস্যপদ-সহ জেলা ও রাজ্য কমিটির দায়িত্ব থেকে ইস্তফা দেন প্রতীক উর রহমান। দলের শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করে চিঠি পাঠানোর পর থেকেই জল্পনা শুরু হয়েছিল তাঁর দলবদল নিয়ে। অবশেষে শনিবার আমতলায় তৃণমূলের দলীয় কার্যালয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি-র হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি। এরপরই সিপিএম তাঁকে বহিষ্কার করে।
এরপরই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন ছড়াতে থাকে। যদিও শিরিন সুলতানা আগেই সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে জানান, “এসবই রটনা। ইচ্ছে করে এসব ছড়ানো হচ্ছে।” রবিবারের ছবি পোস্টের পর স্পষ্ট, রাজনৈতিক সিদ্ধান্ত তাঁদের ব্যক্তিগত সম্পর্কে কোনও প্রভাব ফেলেনি।





