কলকাতা, ১০ জুলাইঃ ২১ জুলাইকে সামনে রেখে সাংগঠনিক রণকৌশল চূড়ান্ত করতে দু’দিনের জাতীয় কর্মসমিতির বৈঠকে বসল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নব তৃণমূল। শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া এই বৈঠকে মূল লক্ষ্য, নতুন সংগঠনের কাঠামোকে চূড়ান্ত করা এবং জেলা থেকে রাজ্য স্তর পর্যন্ত নেতৃত্বের রূপরেখা তৈরি। শনিবার প্লেনারি অধিবেশনে রাজ্যভিত্তিক সাংগঠনিক বিস্তার, ভবিষ্যৎ কর্মসূচি এবং ২১ জুলাইয়ের রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা।
দলীয় সূত্রের খবর, এবারের বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সংগঠনের পুনর্গঠন। বিভিন্ন জেলার সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখে কোথায় কীভাবে দলকে আরও শক্তিশালী করা যায়, সেই পরিকল্পনা নেওয়া হচ্ছে। জেলা কমিটি গঠন, বিভিন্ন শাখা সংগঠনের দায়িত্ব বণ্টন এবং নতুন নেতৃত্বকে সামনে আনার বিষয়েও আলোচনা চলছে।
বিশেষ গুরুত্ব পাচ্ছে কর্মক্ষমতা। দলের অভ্যন্তরীণ মূল্যায়নে যাঁরা নিজ নিজ এলাকায় সাংগঠনিকভাবে সক্রিয় থেকেছেন এবং মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন, তাঁদেরই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। নেতৃত্বের একাংশের মতে, ব্যক্তি পরিচয়ের চেয়ে মাঠের কাজ এবং সাংগঠনিক দক্ষতাকেই এবার অগ্রাধিকার দেওয়া হবে।
শনিবারের প্লেনারি অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক ঘোষণা হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। নতুন জেলা ও রাজ্য কমিটির পাশাপাশি বিভিন্ন দায়িত্বে কারা থাকবেন, তা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। একই সঙ্গে ২১ জুলাইয়ের কর্মসূচি, সমাবেশের প্রস্তুতি এবং রাজনৈতিক বার্তা নিয়েও বিস্তারিত আলোচনা হবে।
রাজ্যের রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের আবহে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। দলীয় নেতৃত্বের লক্ষ্য, নতুন সাংগঠনিক কাঠামোর মাধ্যমে কর্মীদের মধ্যে আস্থা বাড়ানো এবং আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের জন্য একটি সুসংহত সংগঠন গড়ে তোলা। তাই ২১ জুলাইয়ের প্রস্তুতির পাশাপাশি এই দু’দিনের বৈঠক নব তৃণমূলের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।





