কলকাতা, ১ জুনঃ সই জালিয়াতি বিতর্কের আবহে বড় সাংগঠনিক পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
দলীয় সূত্রে খবর, বহিষ্কারের বিষয়ে ইতিমধ্যেই বিধানসভার স্পিকারের কাছে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দুই বিধায়ককে ইমেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে দলের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি তৃণমূল বিধায়কদের স্বাক্ষর জাল করার অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক চর্চা শুরু হয়েছে। এই ঘটনায় অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে নেমেছে সিআইডি। অভিযোগকারীদের মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার নামও সামনে আসে। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই দুই বিধায়কের নাম উল্লেখ করেন।
রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরই তৃণমূলের এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ। যদিও দলীয় নেতৃত্বের দাবি, বহিষ্কারের সিদ্ধান্ত সম্পূর্ণ সাংগঠনিক বিষয় এবং দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তৃণমূলের অন্দরে চলতে থাকা মতবিরোধ এবং নির্বাচনের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই এই বহিষ্কারের ঘটনা নতুন করে জল্পনা বাড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এর ফলে দলের অভ্যন্তরীণ সমীকরণে আরও পরিবর্তন আসতে পারে।
যদিও বহিষ্কারের বিষয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে আগামী দিনে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা আরও বাড়তে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।





