কলকাতা, ১ মে: দ্বিতীয় দফার ভোট শেষ হতেই স্ট্রংরুমে নজরদারি নিয়ে সরব রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে গণনাকেন্দ্রে এজেন্টদের ভূমিকা স্পষ্ট করতে উদ্যোগী হলেন দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, আগামীকাল বিকেল ৪টেয় কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসবেন তিনি।
দলীয় সূত্রে খবর, এক্সিট পোলের পূর্বাভাসকে গুরুত্ব না দিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার বার্তাই এই বৈঠকে তুলে ধরা হবে। ইতিমধ্যেই বিভিন্ন কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের তালিকা চূড়ান্ত হয়েছে। বৈঠকে তাঁদের পুরো গণনাপ্রক্রিয়া ঠান্ডা মাথায় পর্যবেক্ষণ করার নির্দেশ দেওয়া হতে পারে।
তৃণমূলের অভিযোগ, স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে কিছু ক্ষেত্রে উদাসীনতা দেখা গিয়েছে। তাই বাইরে যেমন নজরদারি বাড়ানো হয়েছে, তেমনই গণনাকেন্দ্রের ভিতরেও কড়া নজর রাখতে বলা হবে এজেন্টদের। গণনা শেষ না হওয়া পর্যন্ত কাউকে কেন্দ্র ছেড়ে না যাওয়ার নির্দেশও থাকতে পারে। প্রয়োজনে বিকল্প এজেন্টদের প্রস্তুত রাখার কথাও জানানো হবে।
এছাড়াও, কোনও সন্দেহজনক ব্যক্তি বা পরিস্থিতি নজরে এলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া এবং দলীয় প্রার্থীকে জানানো—এই নির্দেশও দেওয়া হতে পারে। পাশাপাশি, কোনও প্ররোচনায় পা না দিয়ে শান্তভাবে দায়িত্ব পালন করার বার্তাও দেওয়া হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি শাখাওয়াত মেমোরিয়াল স্কুল ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র-এর স্ট্রংরুম ঘিরে উত্তেজনা ছড়ায়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দলীয় কর্মীদের স্পষ্ট নির্দেশ দেন, গণনা শেষ না হওয়া পর্যন্ত সতর্ক থাকতে এবং কোনও পরিস্থিতিতেই দায়িত্ব থেকে সরে না যেতে।
সব মিলিয়ে, গণনার আগে সংগঠনকে আরও মজবুত ও সতর্ক রাখতে মরিয়া তৃণমূল নেতৃত্ব। এখন দেখার, এই প্রস্তুতি ভোটগণনার দিনে কতটা প্রভাব ফেলে।





