কলকাতা, ৫ মার্চঃ আসন্ন ভারতে রাজ্যসভা নির্বাচন-কে সামনে রেখে বৃহস্পতিবার মনোনয়ন পেশ করতে বিধানসভায় পৌঁছলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। এদিন প্রথমবার বিধানসভায় পা রাখলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। স্বামী নিসপাল সিংয়ের সঙ্গে বিধানসভায় প্রবেশের সময় তিনি জানান, “এটা আমার কাছে নতুন যাত্রা। মানুষের জন্য কাজ করতে চাই। সকলের ভালোবাসা ও আশীর্বাদ পেলে এই দায়িত্ব সফলভাবে পালন করতে পারব।”
দিন কয়েক আগেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস রাজ্যসভার চারটি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছিল। সেই অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়ন জমা দিতে বিধানসভায় যান চারজনই। নির্ধারিত সময়ের আগেই সকাল ১০টা ৪৪ মিনিট নাগাদ পৌঁছে যান রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার। কিছুক্ষণ তিনি পরিষদীয় দপ্তরের সচিবালয়ে অপেক্ষা করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি মাদার টেরিসার উক্তি টেনে বলেন, “আমি জানি ভগবান আমাকে এমন কোনও দায়িত্ব দেবেন না যা আমি পালন করতে পারব না।”
এদিন প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী মেনকা গুরস্বামী -ও। তিনি বলেন, এই দায়িত্ব পেয়ে তিনি গর্বিত ও সম্মানিত বোধ করছেন। অন্যদিকে তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়ও কিছুটা দেরিতে বিধানসভায় পৌঁছন বলে জানা গেছে।
এদিকে রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন বিজেপি-এর প্রার্থী রাহুল সিনহা-ও। বাংলার পাঁচটি আসনের মধ্যে একটি বিজেপির দখলে রয়েছে এবং সেই আসন থেকেই প্রার্থী হয়েছেন তিনি। বিজেপির প্রবীণ নেতা রাহুল সিনহা দীর্ঘদিন ধরেই দলের সঙ্গে যুক্ত। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বিজেপির রাজ্য সভাপতির দায়িত্বও সামলেছেন।
সূত্রের খবর, আগামী ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা। সংখ্যার হিসেবে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকায় অধিকাংশ আসনেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারেন বলেই রাজনৈতিক মহলের অনুমান।





