পূর্ব বর্ধমান, ২৫ এপ্রিলঃ নির্বাচনী প্রচারে অভিনবত্ব আনতে গিয়ে অপ্রত্যাশিত বিপত্তির মুখে পড়লেন আউশগ্রামের তৃণমূল প্রার্থী শ্যামাপ্রসাদ লোহার । শনিবার সকালে গরুর গাড়িতে চেপে রোড শো করার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু সেই প্রচারই মুহূর্তে রূপ নেয় বিশৃঙ্খলায়।
জানা গিয়েছে, বেলুন ও ফুল দিয়ে সাজানো গরুর গাড়িতে চেপে প্রচারে বেরিয়েছিলেন প্রার্থী। তাঁর সঙ্গে ছিলেন বর্ধমান পূর্বের সাংসদ শর্মিলা সরকার এবং স্থানীয় নেতা আব্দুল লালন। ডিজের তালে তালে শুরু হয় বর্ণাঢ্য রোড শো। কিন্তু কিছু দূর এগোতেই আচমকাই নিয়ন্ত্রণ হারায় গরু দুটি।
হঠাৎই জোয়ালে বাঁধা অবস্থায় গরুগুলি ছুটতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। লাফালাফির জেরে গাড়ি থেকে পড়ে যান প্রার্থী শ্যামাপ্রসাদ লোহার। বেসামাল হয়ে পড়েন সাংসদও। গারোয়ান এবং তৃণমূল কর্মীরা কোনওমতে গরুগুলিকে নিয়ন্ত্রণে আনতে হিমশিম খান।
এই ঘটনার পর প্রচারসূচিতে বদল আনতে বাধ্য হয় তৃণমূল। গরুর গাড়ি ছেড়ে চারচাকার গাড়িতে চেপেই বাকি রোড শো সম্পন্ন করেন প্রার্থী ও নেতারা।
স্থানীয় নেতৃত্বের দাবি, গ্রামবাংলার কৃষক ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ তুলে ধরতেই এই গরুর গাড়ির প্রচারের পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে হঠাৎ এই বিপত্তিতে কার্যত হাসির রোল পড়ে যায় এলাকায়। সব মিলিয়ে, অভিনব প্রচার যে কখন বিপাকে ফেলতে পারে, তারই এক নজির তৈরি হল আউশগ্রামে।





