কোচবিহার, ২৬ আগস্টঃ সংগঠনকে আরও মজবুত করা এবং নেতৃত্বের সাংগঠনিক দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই কর্মশালা। কোচবিহার রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রশিক্ষণ মহা অভিযান কর্মশালা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। দিনভর কর্মশালায় সাংগঠনিক কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, মন্ত্রী মালতী রাভা রায়, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়, জেলা সভাপতি অভিজিৎ বর্মন-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিরা।
দলীয় কর্মীদের সাংগঠনিক ভাবে আরও দক্ষ করে তোলার পাশাপাশি তাঁদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়াই এই কর্মশালার অন্যতম লক্ষ্য বলে জানানো হয়েছে। সংগঠনের কাঠামো, মানুষের কাছে দলের বক্তব্য পৌঁছে দেওয়া, জনসংযোগ এবং সাংগঠনিক কাজের বিভিন্ন কৌশল নিয়ে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
দলের এক জেলা নেতৃত্বের কথায়, সংগঠনের ভিত আরও শক্তিশালী করতে নিয়মিত প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। সেই লক্ষ্যেই এই কর্মশালা।
এদিন কর্মশালাকে ঘিরে রবীন্দ্রভবনে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। জেলা সহ-সভাপতি দীপা চক্রবর্তী জানান, প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের আরও সক্রিয় এবং সাংগঠনিক ভাবে প্রস্তুত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।





