জলপাইগুড়ি, ৯মেঃ রাজ্যে সরকার পরিবর্তনের পর অবৈধ নদী খননের বিরুদ্ধে প্রশাসনের তৎপরতা বাড়তে শুরু করেছে। শনিবার সকালে জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের কুচি ডায়না নদী এলাকায় অভিযান চালিয়ে দুটি ট্রাক্টর আটক করে বন দফতর ও নাগরাকাটা থানার পুলিশ। অভিযোগ, ওই ট্রাক্টরগুলির মাধ্যমে অবৈধভাবে বালি ও পাথর উত্তোলন করা হচ্ছিল।
ডুয়ার্সের বিভিন্ন নদী ও খাল থেকে দীর্ঘদিন ধরেই বেআইনি খননের অভিযোগ উঠছিল। স্থানীয়দের দাবি, এতদিন প্রশাসনের ভূমিকা তেমন চোখে পড়েনি। তবে নতুন সরকারের শপথের পর প্রশাসন সক্রিয় হওয়ায় কড়া পদক্ষেপের ইঙ্গিত মিলছে।
ডায়ানা রেঞ্জের রেঞ্জার সোম্য রায় জানান, গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়। জঙ্গল সংলগ্ন নদী এলাকা থেকে দুটি ট্রাক্টর আটক করা হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে এবং অবৈধ খননের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।





