কোচবিহার, ৯ জুলাইঃ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে পথে নামলেন সারা বাংলা টোটো চালক ইউনিয়ান। বৃহস্পতিবার সারা বাংলা টোটো চালক ইউনিয়নের উদ্যোগে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় কোচবিহার রাসমেলার মাঠে। ওই সমাবেশ শেষে সংগঠনের প্রতিনিধিরা মিছিল করে কোচবিহার সদর মহকুমা শাসক (এসডিও) দফতরে পৌঁছে স্মারকলিপি জমা দেন। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতৃত্ব।
সংগঠনের অভিযোগ, দীর্ঘদিন ধরেই টোটোচালকদের একাধিক সমস্যার সমাধান হচ্ছে না। রুট সংক্রান্ত জটিলতা, প্রশাসনিক বিধিনিষেধ, পার্কিংয়ের অভাব, লাইসেন্স ও নথিপত্র সংক্রান্ত সমস্যা-সহ বিভিন্ন বিষয় নিয়ে বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও স্থায়ী সমাধান মেলেনি। ফলে প্রতিদিনই সমস্যার মুখে পড়তে হচ্ছে চালকদের।
বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা দাবি করেন, টোটো চালকদের জীবিকা ও স্বার্থ রক্ষায় প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ করতে হবে। একই সঙ্গে টোটোচালকদের জন্য নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, পর্যাপ্ত স্ট্যান্ডের ব্যবস্থা এবং অযথা হয়রানি বন্ধের দাবিও তোলা হয়।
পরে সংগঠনের একটি প্রতিনিধি দল এসডিও দফতরে গিয়ে স্মারকলিপি জমা দেয়। সেখানে টোটোচালকদের বিভিন্ন দাবি তুলে ধরে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের আবেদন জানানো হয়। সংগঠনের দাবি, প্রশাসন ইতিবাচক পদক্ষেপ না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা।
বিক্ষোভকে কেন্দ্র করে কিছু সময় এলাকায় যান চলাচলে প্রভাব পড়লেও বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। শান্তিপূর্ণভাবেই কর্মসূচি শেষ হয়। এখন টোটোচালকদের দাবির বিষয়ে প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর সংগঠনের।





