জলপাইগুড়ি, ২৩ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি সাধারণ মানুষকে নির্ভয়ে ভোটদানের বার্তা দিতে মাঠে নামলেন জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার অমরনাথ কে।তিনি চা-বাগান অধ্যুষিত একাধিক সংবেদনশীল এলাকায় সরেজমিনে পরিদর্শন করেছেন।
গতকাল মালবাজার, বানারহাট থানার অন্তর্গত বিভিন্ন চা-বাগান এলাকার সেনসিটিভ বুথ ঘুরে দেখেন পুলিশ সুপার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি গ্রামীণ পুলিশের আধিকারিক উত্তম ঘোষ, বানারহাট থানার আইসি সুরজ থাপা-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
পরিদর্শনের সময় পুলিশ সুপার সরাসরি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা, কেউ কোনো হুমকি পাচ্ছেন কিনা—এই সমস্ত বিষয় খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি ভোটের দিন যাতে সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারেন, সেই আশ্বাসও দেন।
এদিন পুলিশের পক্ষ থেকে সচেতনতার বার্তাও দেওয়া হয়। জানানো হয়, যদি কেউ টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করে, মদ বিতরণ করে বা ভয় দেখায়, তাহলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে।হঠাৎ করেই এলাকায় পুলিশ সুপারকে কাছে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি হন স্থানীয় বাসিন্দারা। নিজেদের সমস্যার কথা সরাসরি তুলে ধরতে পেরে একপ্রকার স্বস্তি ও আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তাঁরা।
পুলিশ সুপার অমরনাথ কে জানান, জেলায় প্রায় ১১০০ জন অভিযুক্ত রয়েছেন যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি রয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে অশান্তি সৃষ্টির সঙ্গে যুক্ত এমন প্রায় ১২০ জনকে চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের উপর কড়া নজর রাখা হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে জেলা জুড়ে প্রায় ২০টি স্থানে নাকা চেকিং চালানো হচ্ছে, যেখানে নিয়মিত গাড়ি তল্লাশি চলছে।
তিনি আরও জানান, নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই কাজ করা হচ্ছে এবং কোনোভাবেই সিভিক ভলান্টিয়ারদের নির্বাচনী দায়িত্বে ব্যবহার করা হবে না।সব মিলিয়ে, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশের তৎপরতা যে বাড়ানো হয়েছে, তা স্পষ্ট এই পরিদর্শনের মধ্য দিয়ে।





