খবরিয়া ২৪ ডেস্ক, ১৭ ফেব্রুয়ারিঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে। এই আবহেই আত্মবিশ্বাসী সুরে মমতা ব্যানার্জী দাবি করলেন, আগামী নির্বাচনে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস-এর আসন সংখ্যা আরও বাড়বে। একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা সারা বছর মা-মাটি-মানুষের জন্য কাজ করি। তাই মানুষও আমাদের পাশে থাকবে।”
সোমবার রাতে সম্প্রচারিত সেই সাক্ষাৎকারে রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, মানুষকে বিভাজনের রাজনীতি করে লাভ হবে না এবং ভোটবাক্সেই তার জবাব মিলবে। একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন ভোটের কয়েক মাস আগে থেকেই অঘোষিতভাবে প্রশাসনিক নিয়ন্ত্রণ চালাচ্ছে। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-কে কটাক্ষ করতেও শোনা যায় তাঁকে।
বিরোধী রাজনীতির প্রসঙ্গে মমতা বলেন, গণতান্ত্রিক কাঠামোয় শক্তিশালী বিরোধী প্রয়োজন হলেও বর্তমান বিরোধীরা সেই ভূমিকা ঠিকভাবে পালন করছে না। রাজ্যে কোনও অপরাধ বা দুর্নীতির অভিযোগ উঠলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় বলেও তিনি দাবি করেন। সাম্প্রতিক একটি গ্রেপ্তারের উদাহরণ টেনে প্রশাসনিক তৎপরতার কথা তুলে ধরেন তিনি।
সাক্ষাৎকারে দেশের বিভিন্ন প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথাও জানান মুখ্যমন্ত্রী। রাজীব গান্ধী থেকে অটল বিহারী বাজপেয়ী এবং মনমোহন সিং-এর সময়ের রাজনৈতিক স্মৃতি তুলে ধরেন তিনি। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে তাঁর মন্তব্য, দেখা হলে সৌজন্য বিনিময় হয়, তবে রাজ্যের স্বার্থে প্রত্যাশিত কাজ সবসময় হয় না। ভোটের আগে এই সাক্ষাৎকার রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা উসকে দিয়েছে।





