কলকাতা, ২৩ নভেম্বরঃ গোহত্যা বন্ধে আরও কঠোর অবস্থান নিতে চলেছে রাজ্য সরকার। এবার শুধু হুঁশিয়ারি নয়, এ বিষয়ে নতুন আইন আনার কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে বয়স্ক ও অসুস্থ গরুর প্রতিপালনে আর্থিক সাহায্য দিতে চালু করা হল ‘গোকুল মিশন’। এই প্রকল্পে গোমাতার সেবা ও রক্ষণাবেক্ষণের জন্য বছরে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত সরকারি সাহায্য দেওয়ার কথা জানিয়েছেন তিনি। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু জানান, গোমাতাকে বলপূর্বক হত্যা করা যাবে না। ১৯৫০ সালের ক্যাটল অ্যাক্ট এবং পরবর্তী সময়ে হাই কোর্টের নির্দেশের কথাও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, বর্তমান সরকারের নীতিও গোহত্যা বন্ধের পক্ষে। এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। গোহত্যা সম্পূর্ণ বন্ধ করতে নতুন বিল এনে আইন তৈরির উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
অন্য দিকে, গরুর সুরক্ষা ও প্রতিপালনে আর্থিক সহায়তার দাবিতে দীর্ঘদিন ধরেই সরব ছিলেন গোপালকরা। সেই দাবিতে সাড়া দিয়েই ‘গোকুল মিশন’ প্রকল্প চালুর সিদ্ধান্ত বলে জানিয়েছেন শুভেন্দু। শুধু গোপালক নন, কোনও ব্যক্তি, পরিবার বা প্রতিষ্ঠান যদি বয়স্ক ও অসুস্থ গরুর সেবা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন, তাঁরাও এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। বছরে ১ লক্ষ টাকা করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
তবে কতগুলি গরু প্রতিপালন করা হচ্ছে, তার ভিত্তিতেই অনুদানের পরিমাণ নির্ধারিত হবে। এ জন্য নির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করা হবে। নির্দিষ্ট সময় অন্তর প্রকল্পের কাজ পর্যালোচনাও করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
গোহত্যা নিয়ে কড়া বার্তা দিয়ে শুভেন্দু বলেন, রাজ্যে পালাবদলের পর ক্যাটল অ্যাক্ট কার্যকর করা হয়েছে। তাঁর দাবি, খড়্গপুরে গরু পাচারের অভিযোগে ধৃতেরা এখনও জেলে রয়েছেন। হাওড়ার বাঁকরাতেও কয়েক জনকে গ্রেফতার করা হয়েছিল। বারুইপুরে প্রকাশ্যে চলা কয়েকটি দোকানও বন্ধ করা হয়েছে বলে জানান তিনি।
মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, লুকিয়ে বেআইনি ভাবে গোহত্যা বা গরু পাচারের চেষ্টা হলে সরকার ও পুলিশ কঠোর পদক্ষেপ করবে। এক দিকে নতুন আইন আনার প্রস্তুতি, অন্য দিকে গরুর প্রতিপালনে আর্থিক সহায়তা ‘গোকুল মিশন’-এর মাধ্যমে গোসেবাকে সরকারি উদ্যোগের আওতায় আনতে চাইছে নবান্ন।




