কলকাতা, ২৩ নভেম্বর: বেকার যুবক-যুবতীদের জন্য নতুন বছরের উপহার ‘ভরসা’। প্রতিশ্রুতি ছিল, এ বার সেই প্রকল্প চালুর দিনক্ষণ ও ভাতার অঙ্কও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী জানুয়ারি মাস থেকেই রাজ্যের কর্মহীন যুবক-যুবতীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে মাসিক ভাতার টাকা। তবে প্রাথমিক প্রতিশ্রুতির তুলনায় আপাতত কিছুটা কম টাকা দেওয়া হবে। স্নাতক এবং সরকারি কলেজে ভোকেশনাল ট্রেনিংপ্রাপ্তরা মাসে ২০০০ টাকা পাবেন। অন্য যোগ্য আবেদনকারীদের জন্য বরাদ্দ মাসে ১৫০০ টাকা। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
এ দিন মন্ত্রিসভার বৈঠকে ‘ভরসা’ প্রকল্প চালুর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। শুভেন্দু জানান, প্রথমে স্নাতকদের মাসে ৩০০০ টাকা এবং স্নাতক নন এমন যুবক-যুবতীদের ২০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু সরকারের আর্থিক পরিস্থিতি এবং বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর খরচের কথা মাথায় রেখে আপাতত ভাতার পরিমাণ কমানো হচ্ছে। আগামী ১৫ মাস এই হারে টাকা দেওয়া হবে। পরবর্তী সময়ে অর্থের পরিমাণ বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ২০২৮-২৯ অর্থবর্ষ থেকে আগের প্রতিশ্রুতি মতো স্নাতকরা মাসে ৩০০০ টাকা এবং স্নাতক নন এমন উপভোক্তারা ২০০০ টাকা করে পাবেন। প্রকল্পের আওতায় এ বার স্নাতকদের পাশাপাশি কারিগরি শিক্ষার প্রশিক্ষণপ্রাপ্তদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে এই ভাতা পাওয়ার ক্ষেত্রে রয়েছে কিছু শর্ত। একটি পরিবারের সর্বোচ্চ দু’জন এই প্রকল্পের সুবিধা পাবেন। যাঁরা অন্নপূর্ণা বা অন্য কোনও সরকারি ভাতা পান, তাঁরা ‘ভরসা’ প্রকল্পের আওতায় আসবেন না।
উল্লেখ্য, এর আগে তৃণমূল সরকারের আমলে ‘যুবসাথী’ প্রকল্পে কর্মহীন যুবক-যুবতীদের মাসে ১৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা হয়েছিল। পালাবদলের পর সেই প্রকল্পের পরিবর্তে নতুন নাম ও কাঠামোয় ‘ভরসা’ চালুর সিদ্ধান্ত নেয় বিজেপি সরকার।
বেকারত্বের চাপের মধ্যে মাসিক আর্থিক সহায়তার এই ঘোষণা চাকরিপ্রার্থীদের কাছে স্বস্তির খবর। তবে আপাতত কম অঙ্কের ভাতা এবং যোগ্যতার শর্ত দুই বিষয়ই এখন আলোচনায়।




