আব্দুল হাই, বাঁকুড়া: অভাবের সংসার, সীমিত সুযোগ সব বাধা পেরিয়ে রাজ্যের হয়ে খো খো খেলতে চলেছে ভ্যানচালকের ছেলে আকাশ ডোম। এই আবেগঘন সাফল্যের সাক্ষী থাকল বাঁকুড়ার ইন্দাস ব্লকের প্রত্যন্ত গ্রাম ফতেপুর। বৃহস্পতিবার রাজ্যের প্রতিনিধিত্ব করতে রওনা দেওয়ার ঠিক আগে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিভাবান এই খেলোয়াড়কে সংবর্ধনা জানানো হয়।
ফতেপুর গ্রামের এক দরিদ্র পরিবারে আকাশের বেড়ে ওঠা। তাঁর বাবা পেশায় ভ্যানচালক এবং মা মানুষের বাড়িতে কাজ করে কোনওমতে সংসার চালান। নিত্যদিনের লড়াইয়ের মধ্যেই বড় হয়ে ওঠা আকাশ ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি গভীর আগ্রহ দেখায়। মাঠই ছিল তার স্বপ্ন দেখার জায়গা। সীমিত সামর্থ্যের মধ্যেও নিজের লক্ষ্য থেকে কখনও সরে যায়নি সে।
আকাশ ডোম রাজখামার হাইস্কুলের ছাত্র। চলতি বছরেই তার উচ্চমাধ্যমিক পরীক্ষা। পড়াশোনার চাপ সামলে নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়াই ছিল তার জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ। তবুও কঠোর পরিশ্রম, অধ্যবসায় আর অদম্য মানসিকতা তাকে এগিয়ে নিয়ে গেছে সাফল্যের পথে। তার সেই লড়াইয়েরই ফলস্বরূপ রাজ্যের হয়ে খো খো খেলায় নির্বাচিত হওয়া।
আগামী ২৩ ডিসেম্বর মধ্যপ্রদেশের জব্বলপুরে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় স্তরের খো খো প্রতিযোগিতা। সেখানেই পশ্চিমবঙ্গের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামবে আকাশ। গ্রামের মাটিতে বেড়ে ওঠা এই ছেলের সাফল্যে খুশির হাওয়া গোটা এলাকাজুড়ে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল নেতৃত্ব ও স্থানীয় বাসিন্দারা আকাশের সাফল্যে গর্ব প্রকাশ করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান। তাঁদের বক্তব্য, আকাশ ডোম প্রমাণ করে দিয়েছে অভাব কখনও প্রতিভার পথে বাধা হতে পারে না। সঠিক সুযোগ ও অদম্য ইচ্ছাশক্তি থাকলে প্রত্যন্ত গ্রাম থেকেও উঠে আসতে পারে রাজ্যের মুখ উজ্জ্বল করা তারকা।





