কলকাতা, ২৭ মেঃ রাজ্যে পালাবদলের পর তৃণমূলের অন্দরে ভাঙনের ছবি আরও স্পষ্ট হচ্ছে। বুধবার বরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। একইসঙ্গে অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ ছাড়লেন তৃণমূল কাউন্সিলর তথা দলের অন্যতম মুখপাত্র অরূপ চক্রবর্তী। ইস্তফার পরই নাম না করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের একাধিক শীর্ষ নেতাকে কড়া ভাষায় আক্রমণ করেন তাঁরা।
সুশান্ত ঘোষ ও অরূপ চক্রবর্তী বলেন, “হার স্বীকার তো করতেই হবে।” তাঁদের অভিযোগ, বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর গত ২৪-২৫ দিনে কোনও মন্ত্রীকে এলাকায় দেখা যায়নি। তাঁরা আরও দাবি করেন, “যাঁদের জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ঘেঁষতে পারতাম না, তাঁরাই এখন উধাও।”
সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে বিজেপিকে ধন্যবাদ জানান দুই নেতা। তাঁদের বক্তব্য, ঘরছাড়া কর্মীদের বাড়ি ফিরতে সাহায্য করেছে বিজেপি। জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই তাঁদের লক্ষ্য বলেও জানান তাঁরা।
এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। অনেকেরই প্রশ্ন, তবে কি এবার বিজেপির পথে হাঁটতে চলেছেন সুশান্ত ও অরূপ? যদিও এ বিষয়ে এখনও সরাসরি কিছু বলেননি তাঁরা।
উল্লেখ্য, রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই তৃণমূলের একাধিক নেতা প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। সম্প্রতি সাংসদ কাকলি ঘোষ দস্তিদার-ও দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন। ফলে রাজনৈতিক মহলের একাংশের মতে, ক্ষমতা হারানোর পর তৃণমূলের সংগঠনে বড়সড় ভাঙনের ইঙ্গিত ক্রমশ স্পষ্ট হচ্ছে।





