কলকাতা, ২৩ জুলাইঃ উত্তরবঙ্গ উন্নয়ন দফতরকে কেন্দ্র করে প্রাক্তন তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হলেন মন্ত্রী নিশীথ প্রামাণিক। বৃহস্পতিবার বিধানসভায় বাজেট-সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে তিনি দাবি করেন, আগের সরকারের আমলে দফতরটি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল। সেই কারণেই ইতিমধ্যেই ১২২টি সংস্থাকে ‘ব্ল্যাকলিস্ট’ করা হয়েছে। পাশাপাশি একাধিক সংস্থাকে শোকজও করা হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, “উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে দুর্নীতির কোনও জায়গা নেই। যে-ই অনিয়ম করবে, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বরাদ্দ অর্থের বড় অংশই খরচ করা হত না। এ বার বরাদ্দ হওয়া প্রতিটি টাকা উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
দুর্নীতির প্রসঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জন্য একাধিক নতুন প্রকল্পের কথাও ঘোষণা করেন নিশীথ। তাঁর বক্তব্য, উন্নয়ন কোনও নির্দিষ্ট জেলা বা বিধানসভায় সীমাবদ্ধ থাকবে না। উত্তরবঙ্গের সব জেলাতেই সমান গুরুত্ব দিয়ে পরিকাঠামো গড়ে তোলা হবে।
মন্ত্রী জানান, উত্তরবঙ্গ জুড়ে ১০০টি পর্যটন তথ্যকেন্দ্র তৈরি করা হবে। সেখানে ফুড প্লাজা, হোমস্টে-সহ পর্যটকদের প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থা থাকবে। পাশাপাশি একাধিক ইন্দো-বাংলাদেশ ল্যান্ড পোর্ট গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। প্রতিটি জেলায় একটি করে ইনডোর স্টেডিয়াম নির্মাণেরও ঘোষণা করেন।
পার্বত্য এলাকায় যানজট কমাতে বিদেশের আদলে হাইড্রলিক গাড়ি পার্কিং ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানান নিশীথ। তাঁর দাবি, এতে পর্যটকদের সুবিধা হবে এবং পর্যটন শিল্প আরও চাঙ্গা হবে। এ ছাড়া উত্তরবঙ্গে চলচ্চিত্রের শুটিং সহজ করতে ‘সিঙ্গল উইন্ডো’ ব্যবস্থা চালু করা হবে, যাতে প্রযোজনা সংস্থাগুলিকে বিভিন্ন দফতরে আলাদা করে অনুমতির জন্য ঘুরতে না হয়।
মন্ত্রী দাবি করেন, উত্তরবঙ্গের উন্নয়নকে অগ্রাধিকার দিয়েই নতুন সরকার কাজ করছে এবং বরাদ্দ অর্থের পূর্ণ সদ্ব্যবহার নিশ্চিত করাই এখন দফতরের প্রধান লক্ষ্য।





