খবরিয়া ২৪ ডেস্ক, ১০ জানুয়ারিঃ কয়লা পাচার মামলাকে কেন্দ্র করে ফের তপ্ত হয়ে উঠল বাংলার রাজনীতি। কেন্দ্রের শাসকদল বিজেপি দীর্ঘদিন ধরেই কয়লা ও গরু পাচার মামলায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলছে। পালটা তৃণমূলের প্রশ্ন, সীমান্ত পেরিয়ে যদি এই পাচার হয়, তবে সীমান্তরক্ষার দায়িত্বে থাকা বিএসএফ এবং স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা নিয়েই বা প্রশ্ন উঠবে না কেন। এই টানাপোড়েনের মাঝেই বৃহস্পতিবার সকালে তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিস ও কর্ণধারের বাড়িতে কয়লা পাচার মামলায় ইডি তল্লাশি চালায় বলে দাবি।
এই ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুরে যাদবপুর এইট বি থেকে তৃণমূল কংগ্রেসের মিছিল শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতৃত্বের পাশাপাশি মিছিলে উপস্থিত ছিলেন টলিউডের একঝাঁক তারকাও। বিকেলে হাজরা মোড়ে মিছিল শেষ হলে সেখানে জনসভায় বক্তব্য রাখতে উঠে কয়লা পাচার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন মমতা।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, কয়লা চুরির টাকা ‘গদ্দারদের’ মাধ্যমে চক্রাকারে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছচ্ছে। তাঁর দাবি, বিজেপির একাধিক নেতার হাত ঘুরে সেই টাকা শেষ পর্যন্ত অমিত শাহের পকেটে যাচ্ছে। একই সঙ্গে তিনি ইডির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ করেন।
হুঁশিয়ারির সুরে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, তিনি অনেক তথ্য জানেন, কিন্তু দেশের স্বার্থে সব প্রকাশ করছেন না। তাঁর দাবি, সব ফাঁস হলে দেশজুড়ে অস্থিরতা তৈরি হতে পারে।
অন্যদিকে, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের কড়া বিরোধিতা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর ও স্বরাষ্ট্রমন্ত্রীর নাম জড়ানোয় আপত্তি জানিয়ে মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস পাঠিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে সেই কথা জানিয়ে শুভেন্দু বলেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
সব মিলিয়ে কয়লা পাচার মামলাকে কেন্দ্র করে রাজ্য ও কেন্দ্রের রাজনৈতিক সংঘাত আরও তীব্র আকার নিল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।





