কলকাতা, ১২ ডিসেম্বরঃ রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার ফর্ম জমা দেওয়ার বাড়তি সময়সীমা ১১ ডিসেম্বর শেষ হয়েছে। আগে শেষ তারিখ ছিল ৪ ডিসেম্বর, তবে পরে তা এক সপ্তাহ বাড়ানো হয়। তবুও বিপুল সংখ্যক ফর্ম অসংগৃহীত থাকায় রাজনৈতিক মহলে বাড়ছে উদ্বেগ। আগামী ১৬ ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে এসআইআর-এর খসড়া তালিকা, আর সেই তালিকা ঘিরেই জোরালো আশঙ্কা—বহু ভোটারের নাম বাদ পড়ে যেতে পারে।
বিজেপির দাবি, অন্তত ১ কোটি মানুষের নাম বাদ পড়বে এই প্রক্রিয়ায়। পালটা তৃণমূল কংগ্রেস হুঁশিয়ারি দিচ্ছে, “একজন মানুষের নামও যেন বাদ না পড়ে তালিকা থেকে।” রাজনৈতিক লড়াইয়ের মাঝেই উঠে এসেছে গুরুত্বপূর্ণ পরিসংখ্যান। সূত্রের খবর, মোট অসংগৃহীত ফর্মের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭,০১,৫৪৮-এ। এর মধ্যে মৃত ভোটারই রয়েছে ২৪ লক্ষের বেশি, নিখোঁজ ভোটার ১১ লক্ষেরও বেশি। স্থানান্তরিত ভোটারের সংখ্যা প্রায় ১৯ লক্ষ। এছাড়াও রয়েছে বহু ডুপ্লিকেট ভোটার।
তবে নির্বাচন কমিশন জানাচ্ছে, খসড়া তালিকা থেকে নাম বাদ পড়লেই চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ যাওয়া নিশ্চিত নয়। ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর যে কেউ কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার জন্য পাবেন এক মাস সময়। অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের আগে সংশোধনের সুযোগ থাকবে।
উল্লেখযোগ্যভাবে, কোন কোন ভোটারের নাম বাদ পড়ছে সেই তালিকা খসড়া প্রকাশের আগেই বুথে টাঙিয়ে দেওয়া হবে। রাজ্যের ৮০৬৮১টি বুথে এই তালিকা প্রদর্শনের দায়িত্বে থাকবেন বিএলওরা। কেন নাম বাদ গেল—তার ব্যাখ্যাও দেওয়া থাকবে সেখানে। যাদের নাম খসড়া তালিকায় থাকবে না, তাদের ডাকা হবে হিয়ারিংয়ে। জানা যাচ্ছে, জেলা শাসকের দফতরেই হবে এই শুনানি এবং পুরো প্রক্রিয়া ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে নজরদারিতে রাখা হবে।
এসআইআর নিয়ে জল্পনা, উদ্বেগ ও রাজনৈতিক বাকযুদ্ধের মধ্যে এখন রাজ্যের নজর ১৬ ডিসেম্বরের খসড়া তালিকায়।





