খড়গপুর, ২১ নভেম্বরঃ বাংলার শিল্প মানচিত্রে দীর্ঘদিনের খরা নিয়ে রাজনৈতিক বিতর্ক নতুন নয়। রাজ্যে শিল্পের পিছিয়ে থাকার জন্য অতীতে বাম আমলের নীতিকেই বারবার দায়ী করেছে বিজেপি। এ বার খড়গপুর আইআইটির মঞ্চ থেকেও সেই প্রসঙ্গ তুলে বামেদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর দাবি, প্রায় ৫০ বছর আগে ভারতে সেমিকন্ডাক্টর চিপ তৈরির জন্য একটি সংস্থা এসেছিল। কিন্তু লাল ঝান্ডা দেখিয়ে সেই সংস্থাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় সুযোগ কাজে লাগানো গেলে ভারত অনেক আগেই সেমিকন্ডাক্টর শিল্পে এগিয়ে যেতে পারত বলে ইঙ্গিত করেন তিনি।
শনিবার খড়গপুর আইআইটির অনুষ্ঠানে দেশের প্রযুক্তিগত অগ্রগতি এবং ভবিষ্যতের শিল্পসম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, গত ৭৫ বছরে দেশ বহু পরিবর্তনের সাক্ষী থেকেছে। গরুর গাড়ির যুগ পেরিয়ে ভারত এখন বুলেট ট্রেনের পথে এগোচ্ছে। আগামী দিনে প্রযুক্তি ও উৎপাদনের ক্ষেত্রেও দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। সেই প্রসঙ্গেই ‘চিপ থেকে শিপ’ সব কিছুই ভারতে তৈরি করার স্বপ্নের কথা তুলে ধরেন তিনি।
২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে খড়গপুর আইআইটির মতো শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলির ভূমিকার উপরেও জোর দেন মোদি। তাঁর বক্তব্য, প্রযুক্তি, গবেষণা এবং উদ্ভাবনের ক্ষেত্রে দেশের তরুণ প্রজন্মকে আরও বড় ভূমিকা নিতে হবে। আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতার জন্য নতুন চিন্তাভাবনা ও উদ্ভাবনী শক্তির প্রয়োজন বলেও ছাত্রছাত্রীদের বার্তা দেন তিনি।
তবে শুধু বামেদের নয়, কংগ্রেসকেও আক্রমণ করেন প্রধানমন্ত্রী। দারিদ্র্য দূরীকরণের পুরনো প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, পাঁচ দশক আগে লালকেল্লা থেকে ‘গরিবি হটাও’ স্লোগান দেওয়া হয়েছিল। কিন্তু নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে সেই প্রতিশ্রুতি ফাইলবন্দি হয়ে থেকেছে। তাঁর অভিযোগ, দারিদ্র্য দূরীকরণ নিয়ে দীর্ঘদিন শুধু স্লোগান দেওয়া হয়েছে, কার্যকর পদক্ষেপের অভাব ছিল।
দারিদ্র্য মোকাবিলায় তাঁর সরকারের বিভিন্ন প্রকল্পের কথাও তুলে ধরেন মোদি। শৌচাগার নির্মাণ থেকে উজ্জ্বলা যোজনা একাধিক জনকল্যাণমূলক উদ্যোগের উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে এবং দরিদ্র পরিবারগুলিকে সুযোগ-সুবিধা পৌঁছে দিতে সরকার একাধিক পদক্ষেপ করেছে। বিশ্ব ব্যাঙ্কের একটি প্রতিবেদনের উল্লেখ করে গত ১২-১৩ বছরে দেশে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার বাইরে এসেছেন বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।
পড়ুয়াদের উদ্দেশে মোদির বার্তা, নিজেদের স্বপ্ন ও সম্ভাবনাকে সীমাবদ্ধ করে রাখা চলবে না। প্রচলিত ধারণার বাইরে গিয়ে নতুন কিছু করার সাহস রাখতে হবে। আগামী দুই দশক দেশের ভবিষ্যৎ নির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে তরুণ প্রজন্মকেই নেতৃত্ব দিতে হবে।





