রাজস্থান, ২১ নভেম্বরঃ পুরভোটে সাফল্যের রেশ কাটতে না কাটতেই গ্রামীণ রাজস্থানে বড় ধাক্কা খেল বিজেপি। শহরের ভোটে এগিয়ে থাকার দু’মাসের মধ্যেই পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের কাছে পিছিয়ে পড়ল মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার দল। পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ দুই স্তরেই আসন সংখ্যার নিরিখে বিজেপিকে টেক্কা দিয়েছে হাত শিবির। বিশেষ তাৎপর্যপূর্ণ, মুখ্যমন্ত্রীর নিজের জেলা ভরতপুরেও বিজেপির তুলনায় বেশি আসন পেয়েছে কংগ্রেস। শুক্রবার প্রকাশিত ফলাফল ঘিরে রাজস্থানের রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।
রাজ্যের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৩৭টি জেলার পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের ৯৮১টি আসনের ফল পাওয়া গিয়েছে। তার মধ্যে কংগ্রেস পেয়েছে ৫৯৯টি আসন, বিজেপির ঝুলিতে গিয়েছে ৩০১টি। পঞ্চায়েত সমিতির ক্ষেত্রেও একই ছবি। ৭৩৯৩টি আসনের ফল প্রকাশের পর কংগ্রেসের দখলে ৩৭০১টি, বিজেপি পেয়েছে ২১৮১টি আসন। বাকি আসনগুলি গিয়েছে আঞ্চলিক দল, নির্দল এবং অন্যান্যদের ঝুলিতে।
পঞ্চায়েত সমিতির সংখ্যাগরিষ্ঠতার হিসাবেও কংগ্রেসের এগিয়ে থাকার ছবি স্পষ্ট। ৪১৯টি পঞ্চায়েত সমিতির মধ্যে কংগ্রেস ২৬৯টিতে এবং বিজেপি ৭৩টিতে এগিয়ে ছিল প্রাথমিক গণনার সময়। পরে প্রকাশিত ফলাফলে কংগ্রেসের জয় আরও বাড়ে। অন্য দল ও নির্দল প্রার্থীরাও বেশ কিছু এলাকায় প্রভাব দেখিয়েছেন।
জেলাভিত্তিক ফলেও কংগ্রেসের প্রভাব দেখা গিয়েছে। জয়পুরের ২২টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১৪টিতে জয় পেয়েছে কংগ্রেস। অন্যদিকে ভজনলাল শর্মার নিজের জেলা ভরতপুরে পঞ্চায়েত সমিতির ১৫৯টি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে ৪৬টি, বিজেপি ৩২টি। নির্দল প্রার্থীরা পেয়েছেন ৭৬টি আসন। অর্থাৎ, মুখ্যমন্ত্রীর নিজের জেলাতেও বিজেপিকে পিছনে ফেলেছে বিরোধী শিবির।
এই ফলাফলের রাজনৈতিক গুরুত্বও কম নয়। আগামী ২০২৮ সালে রাজস্থানে বিধানসভা নির্বাচন। তার আগে গ্রামীণ এলাকার ভোটারদের মনোভাব নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুরভোটে সাফল্যের পর বিজেপি যে রাজনৈতিক আত্মবিশ্বাস দেখিয়েছিল, পঞ্চায়েতের ফল সেই ছবিতে ধাক্কা দিয়েছে। অন্যদিকে, কংগ্রেসের অভ্যন্তরীণ মতপার্থক্য ও গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যেও এই ফল দলীয় কর্মীদের নতুন করে উজ্জীবিত করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
কংগ্রেস নেতা অশোক গেহলট এই ফলকে গ্রামীণ মানুষের রায় বলে ব্যাখ্যা করেছেন। তাঁর দাবি, কৃষক, যুবক ও মহিলারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন। অন্যদিকে বিজেপির বক্তব্য, পঞ্চায়েত নির্বাচন মূলত স্থানীয় সমস্যা ও সমীকরণের ভিত্তিতে হয়। তাই এই ফলকে বিধানসভা নির্বাচনের সঙ্গে সরাসরি মিলিয়ে দেখা ঠিক হবে না।
উল্লেখ্য, রাজ্যের চার জেলা কোটা, বারান, করৌলি এবং শ্রীগঙ্গানগরে গণনা পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর সেখানে গণনা হওয়ার কথা। ফলে বাকি ফল প্রকাশের পর রাজস্থানের গ্রামীণ রাজনৈতিক ছবিতে আরও কিছু পরিবর্তন আসে কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।





