কলকাতা, ২১ নভেম্বরঃ পুর নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজতে থাকা প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। শনিবার জেলে গিয়ে তাঁকে জেরা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছিল সিবিআই। সেই অনুমতি মেলার পরেই শুরু হয় জেরা। দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগে অনিয়মের অভিযোগের তদন্তে প্রাক্তন মন্ত্রীর কাছে একাধিক বিষয়ে জানতে চান তদন্তকারীরা।
তদন্তকারীদের অভিযোগ, সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন বেআইনিভাবে চাকরি দেওয়ার ঘটনা ঘটেছিল। টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া কিংবা নিয়োগের ক্ষেত্রে সুপারিশ করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগের সূত্র ধরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর।
এই মামলায় এর আগে সুজিতের ঘনিষ্ঠ বলে পরিচিত নিতাই দত্ত, দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান পাঁচু রায় এবং অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তাঁদের জিজ্ঞাসাবাদে সুজিতের নাম উঠে আসে বলে তদন্ত সূত্রে দাবি। এরপরই অন্য একটি মামলায় জেলবন্দি থাকা প্রাক্তন মন্ত্রীকে জেরা করার জন্য আদালতের দ্বারস্থ হয় সিবিআই।
উল্লেখ্য, গত ১১ মে পুর নিয়োগ দুর্নীতির আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় সুজিতকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তার পর থেকে তিনি জেল হেফাজতে রয়েছেন। এই মামলায় তাঁর জামিনের আবেদন খারিজ করেছে কলকাতা হাই কোর্ট। ইডির তরফে আদালতে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, জামিন পেলে প্রভাব খাটিয়ে প্রমাণ নষ্ট করতে পারেন তিনি। সেই যুক্তি বিবেচনা করেই জামিন মঞ্জুর করেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রাক্তন মন্ত্রী। তবে সেখানে মামলার নিষ্পত্তি না হওয়ায় আপাতত জেলেই রয়েছেন তিনি। এবার পুর নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইয়ের জেরার মুখে সুজিত। দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পৃথক তদন্তে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সূত্র কত দূর এগোয়, এখন সেদিকেই নজর।





