হুগলি, ২৯ এপ্রিলঃ দ্বিতীয় দফার ভোট চলাকালীন হুগলির চুঁচুড়ায় বুথ এজেন্টকে মারধরের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ৫৭ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের পোলিং এজেন্টকে মারধর করে।
ঘটনাটি ঘটে দিগম্বর জৈন স্কুলে, যেখানে ভোটগ্রহণ চলছিল। আক্রান্ত পোলিং এজেন্ট সমীর দাসের দাবি, তিনি কিছুক্ষণের জন্য বুথের বাইরে গিয়ে ফের ঢুকতে গেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে বাধা দেয় এবং মারধর করে। তাঁর হাতে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে বলে অভিযোগ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তিনি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “এক বাপের বেটা হলে হাইকোর্টে নিয়ে যাব। যত বড়োই প্রভাবশালী হোক, এর জবাব দিতে হবে।” দেবাংশুর অভিযোগ, ঘটনার কারণ জানতে চাইলেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কোনও স্পষ্ট জবাব দেননি।
এদিকে, সেক্টর অফিসার রানা বোস ও সহকারী সেক্টর অফিসার দেবজিৎ ঘোষ ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখেন। তাঁদের তরফে জানানো হয়েছে, ঘটনার রিপোর্ট এখনও পাঠানো হয়নি, তবে আক্রান্তের সঙ্গে কথা বলে সমস্ত তথ্য সংগ্রহ করা হয়েছে এবং শীঘ্রই বিস্তারিত রিপোর্ট কমিশনে পাঠানো হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।





