মালদা, ২৫ মেঃ মালদহ জেলায় স্বাস্থ্যসাথী কার্ডকে কেন্দ্র করে বড়সড় দুর্নীতির অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রোগী ভর্তি ও চিকিৎসার ভুয়ো তথ্য দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে জেলার একাধিক নার্সিংহোম। জেলা স্বাস্থ্য দপ্তরের প্রাথমিক অনুমান, স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে প্রায় ৩০০ কোটি টাকা নয়ছয় হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, শহরের আমবাজার এলাকার একটি এবং সুজাপুরের বড়নগর ডাঙার একটি নার্সিংহোমের বিরুদ্ধে সবচেয়ে বেশি অনিয়মের অভিযোগ উঠেছে। তদন্তে উঠে এসেছে, বহু ক্ষেত্রে রোগীদের প্রকৃত চিকিৎসা না করিয়েই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে মোটা অঙ্কের বিল দেখানো হয়েছে।
ঘটনার জেরে ইতিমধ্যেই ৩০টিরও বেশি নার্সিংহোমের লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি আরও ১০টি নার্সিংহোমকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। নজরদারিতে রাখা হয়েছে আরও প্রায় ২৫টি নার্সিংহোমকে। ঘটনায় মালদহ জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
অভিযোগ, গত কয়েক বছরে মালদহের বিভিন্ন এলাকায়, বিশেষ করে ১২ নম্বর জাতীয় সড়কের দুই ধারে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অসংখ্য নার্সিংহোম। যদুপুর-গাবগাছি থেকে শুরু করে বড়নগর ডাঙা ও কালিয়াচক এলাকায় বহু নার্সিংহোম ন্যূনতম পরিকাঠামো ছাড়াই চলছিল বলে অভিযোগ। কোথাও পর্যাপ্ত চিকিৎসক নেই, কোথাও আবার আধুনিক চিকিৎসা সরঞ্জাম ছাড়াই অপারেশন পর্যন্ত করা হচ্ছিল বলে দাবি স্থানীয়দের।
এমনকি সরকারি প্রকল্পের সুবিধা পেতে কিছু নার্সিংহোমের নামেও ‘বিশ্ব বাংলা’ শব্দ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কীভাবে লাইসেন্স ছাড়া এই সব প্রতিষ্ঠান বছরের পর বছর চলল, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
এই ঘটনায় বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি নেতা অজয় গঙ্গোপাধ্যায়। তাঁর দাবি, স্বাস্থ্যসাথী প্রকল্পে দুর্নীতির টাকা মাদক পাচারের ব্যবসায় ব্যবহার করা হয়েছে। বিশেষ করে কালিয়াচক ও গাবগাছি এলাকার কয়েকটি নার্সিংহোমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। বিজেপির দাবি, বাংলাদেশে মাদক পাচারের সঙ্গে যুক্ত চক্রও এই নার্সিংহোম ব্যবসার আড়ালে সক্রিয়।
ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন অজয় গঙ্গোপাধ্যায়। এদিকে এই ঘটনায় হাজার হাজার সাধারণ মানুষ প্রতারিত হয়েছেন বলেই অভিযোগ উঠেছে। তদন্তে আরও বড় তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে প্রশাসন।





