কলকাতা, ১৫ জুনঃ আসন্ন বিশ্ব যোগ দিবসকে সামনে রেখে কলকাতাজুড়ে বিশেষ সাফাই অভিযান কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‘স্বচ্ছতাকে স্বাগত’ শীর্ষক এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন সোমবার কলকাতা পুরসভায় অনুষ্ঠিত হয়। আগামী ২১ জুন বিশ্ব যোগ দিবস উপলক্ষে রাজ্যে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। কলকাতার রেড রোডে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার আগেই শহরকে আরও পরিচ্ছন্ন ও সুসংগঠিত করে তুলতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
কলকাতা পুরসভায় আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শহরকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, একটি পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষেরও সমান দায়িত্ব রয়েছে। আগামী কয়েকদিন ধরে কলকাতার বিভিন্ন ওয়ার্ডে বিশেষ সাফাই অভিযান, বর্জ্য অপসারণ এবং জনসচেতনতা কর্মসূচি চালানো হবে।
তবে প্রশাসনিক কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক মহলেও বিশেষ নজর কেড়েছে এদিনের অনুষ্ঠান। কারণ মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে এবং একই সারিতে দেখা যায় তৃণমূলের ‘বিদ্রোহী’ শিবিরের সঙ্গে যুক্ত বলে পরিচিত সন্দীপন সাহা ও প্রাক্তন চেয়ারপার্সন মালা রায়কে। এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম এবং জাভেদ খান।
বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের নেতাদের একসঙ্গে উপস্থিতি নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও অনুষ্ঠানে উপস্থিত নেতাদের একাংশের বক্তব্য, এটি সম্পূর্ণ প্রশাসনিক ও নাগরিক পরিষেবা সম্পর্কিত কর্মসূচি। শহরের উন্নয়ন ও পরিচ্ছন্নতার স্বার্থে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়োজন বলেই তাঁরা মনে করেন।
বিশ্ব যোগ দিবসের আগে শুরু হওয়া এই ‘স্বচ্ছতাকে স্বাগত’ অভিযান আগামী কয়েকদিন কলকাতা জুড়ে চলবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।





