কলকাতা, ২৫ আগস্টঃ পার্ক স্ট্রিটের ফুটপাথে নাতির জন্য দুধ গরম করার ঘটনাকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে বড় পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সল্টলেকে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবারে’ শিশুকে কোলে নিয়ে হাজির হওয়া সীতাদেবীকে সরাসরি আশ্বাস দিলেন, আর ফুটপাথে থাকতে হবে না তাঁকে। দ্রুত তাঁদের থাকার ব্যবস্থা করার জন্য পুরসভাকেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এ দিন বরানগরের বিধায়ক সজল ঘোষের সঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে যান সীতাদেবী। পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী ওই মহিলা মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ‘‘সীতাদেবী বাচ্চাকে নিয়ে আমার কাছে এখানে এসেছিলেন। আমি তাঁকে বলেছি, আর ফুটপাথে থাকার দরকার নেই, আমরা ব্যবস্থা করে দেব। পুরসভাকে বলেছি। ওরা ব্যবস্থা করবে।’’
মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্য সরকারের উপর আস্থা প্রকাশ করেছেন সীতাদেবী। তাঁর কথায়, ‘‘উনি মুখ্যমন্ত্রীর উপর ভরসা করেন, রাজ্য সরকারের উপর ভরসা করেন বলে জানিয়েছেন আমাদের।’’
এই প্রসঙ্গে আগের দুই সরকারেরও সমালোচনা করেন শুভেন্দু। তাঁর প্রশ্ন, প্রায় ৫০ বছর ধরে ফুটপাথে থাকা এই পরিবারের খোঁজ আগে নেওয়া হয়নি কেন? তিনি বলেন, ‘‘ফুটপাত থাকার জায়গা নয়। মুখ্যমন্ত্রী, বিজেপি সরকার সকলের জন্য কাজ করে। বামপন্থী, যাঁরা কবিতা-ছড়া লিখছেন, তাঁদের বলব, খোঁজ নেননি কেন? ৫০ বছর তো ছিল।’’
কয়েক দিন আগে পার্ক স্ট্রিটের ফুটপাথে নাতির জন্য দুধ গরম করছিলেন সীতাদেবী। বিপদের আশঙ্কায় তাঁকে দুধ গরম করতে বাধা দিয়েছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরে জানা যায়, দীর্ঘ ৫০ বছর ধরে ফুটপাথই তাঁদের ঠিকানা। ঘটনাটি প্রকাশ্যে আসার পর শুরু হয় রাজনৈতিক চাপানউতোর।
সোমবার এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দরিদ্র পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছিলেন তিনি। পাল্টা শুভেন্দু প্রশ্ন তুলেছিলেন, কর্মীর বাড়িতে কেন, নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখা হচ্ছে না কেন?
তার পরের দিনই সীতাদেবীর পরিবারের জন্য স্থায়ী মাথা গোঁজার জায়গার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। এখন দেখার, মুখ্যমন্ত্রীর নির্দেশে কত দ্রুত বাস্তবে ছাদ পান পার্ক স্ট্রিটের দীর্ঘদিনের ফুটপাথবাসী এই পরিবার।




