কোচবিহার, ১ জুনঃ কোচবিহার শহরে পথ নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণে কড়া অবস্থান নিল কোচবিহার সদর ট্রাফিক পুলিশ। বুধবার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের মূল লক্ষ্য ছিল নিয়ম না মেনে চলা টোটোগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
জানা গিয়েছে, যেসব টোটোতে প্রয়োজনীয় হেডলাইট, ইনডিকেটর ছিল না কিংবা যেসব গাড়ির ডানদিক যথাযথভাবে সুরক্ষিত ও নিয়ম অনুযায়ী বন্ধ করা ছিল না, সেগুলিকে চিহ্নিত করে অভিযান চালানো হয়। এদিন একাধিক টোটোকে আটক ও বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে ট্রাফিক আইন অনুযায়ী জরিমানাও করা হয়।
সুত্রের খবর, শহরে প্রতিদিন বিপুল সংখ্যক টোটো চলাচল করে। অনেক ক্ষেত্রেই নিরাপত্তা বিধি উপেক্ষা করে যানবাহন চালানোর ফলে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। সেই কারণেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, যেসব টোটোচালক ও মালিক আইন মেনে চলবেন না, তাঁদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সমস্ত টোটোচালকদের যানবাহনের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা সঠিকভাবে বজায় রেখে রাস্তায় নামার আহ্বান জানানো হয়েছে। এই অভিযানের ফলে শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ ও পথ নিরাপত্তা আরও জোরদার হবে বলেই মনে করছে প্রশাসন।





