কোচবিহার, ২৮ নভেম্বরঃ আলো ঝলমলে আধুনিক খেলনা, রিমোটচালিত গাড়ি, পুতুল কিংবা নানা রকমের শব্দ করা সামগ্রীর ভিড়। তবু কোচবিহারের রাসমেলার মাঠে এমন একটি খেলনা রয়েছে, যার আকর্ষণ আজও ফিকে হয়নি। মাটির ছোট্ট চাকা, বাঁশের কাঠি আর নিপুণ হাতের কারুকাজে তৈরি টমটম গাড়ি। আকারে সামান্য, দামেও তুলনায় সস্তা। কিন্তু তার সঙ্গে জড়িয়ে রয়েছে প্রজন্মের পর প্রজন্মের শৈশব, স্মৃতি আর মেলার চিরচেনা নস্টালজিয়া।
দুই শতাব্দীরও বেশি প্রাচীন কোচবিহারের রাসমেলা। রাজ আমলের ঐতিহ্য বুকে নিয়ে সময়ের সঙ্গে তার পরিসর বেড়েছে, বদলেছে মেলার সাজসজ্জা ও পসরা। প্রযুক্তির হাত ধরে মেলায় জায়গা করে নিয়েছে আধুনিক খেলনার সম্ভার। কিন্তু এত পরিবর্তনের মধ্যেও রাসমেলার মাঠে নিজের জায়গা ধরে রেখেছে এই দেশজ টমটম গাড়ি। মেলার ভিড়ে আজও ছোটদের চোখ আটকে যায় তার দিকে। আর বড়দের মনে পড়ে যায় ফেলে আসা দিনের কথা।
এই খেলনার টানেই প্রতি বছর বিহারের কিষাণগঞ্জ থেকে কোচবিহারের রাসমেলায় হাজির হন কারিগরেরা। বংশপরম্পরায় এই খেলনা তৈরি ও বিক্রির সঙ্গে যুক্ত তাঁরা। তাঁদের হাতেই তৈরি হয় মাটির চাকা ও বাঁশের কাঠি দিয়ে তৈরি ছোট্ট টমটম। উপকরণ সামান্য হলেও তার নির্মাণে রয়েছে নিজস্ব কৌশল। আধুনিক কারখানার খেলনার মতো ঝাঁ চকচকে নয়, বরং সরল গড়নই তার প্রধান আকর্ষণ।
সময় বদলানোর সঙ্গে সঙ্গে অবশ্য বদলেছে এই খেলনার দামও। একসময় এক পয়সা কিংবা কুড়ি পয়সায় মিলত একটি টমটম গাড়ি। এখন সেই খেলনার দাম বেড়ে হয়েছে ২০ থেকে ৩০ টাকা। মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে খেলনার বাজারেও। তবু তুলনায় কম দামের এই সামগ্রী কিনতে ভিড় করেন অভিভাবকেরা। অনেকের কাছেই সন্তানকে এই খেলনা কিনে দেওয়া মানে নিজের ছোটবেলার সঙ্গে কিছুটা সময় কাটিয়ে নেওয়া।
এক বিক্রেতার কথায়, “বংশপরম্পরায় আমরা এই টমটম গাড়ি তৈরি করে রাসমেলায় বিক্রি করতে আসছি। আগে এক পয়সা, কুড়ি পয়সায় এই খেলনা বিক্রি হত। এখন জিনিসপত্রের দাম বেড়েছে, তাই ২০ থেকে ৩০ টাকা দামে বিক্রি করতে হচ্ছে। আধুনিক কত রকমের খেলনা বাজারে এসেছে, তবু ছোটদের মধ্যে এই টমটমের চাহিদা রয়েছে। অনেক বড় মানুষও এসে খেলনাটা দেখে তাঁদের ছোটবেলার কথা বলেন। এই খেলনা বিক্রি করেই আমাদের সংসার চলে। রাসমেলায় আসাটা তাই শুধু ব্যবসা নয়, আমাদের বংশের পুরনো ঐতিহ্যও।”
রাসমেলা শুধু কেনাকাটা কিংবা বিনোদনের জায়গা নয়, কোচবিহারের মানুষের কাছে এটি ঐতিহ্য ও আবেগেরও উৎসব। সেই আবেগেরই এক ছোট্ট প্রতীক টমটম গাড়ি। নতুন প্রজন্মের কাছে এটি নিছক একটি খেলনা হলেও, প্রবীণদের কাছে এর সঙ্গে জড়িয়ে রয়েছে স্মৃতির ঝুলি। সময়ের স্রোতে কত কিছু হারিয়ে যায়, কত কিছু বদলে যায়। কিন্তু কিছু ঐতিহ্য থেকে যায় মানুষের ভালবাসায়।
তাই আধুনিক খেলনার রমরমার মধ্যেও রাসমেলার মাঠে টমটম গাড়ির কদর কমেনি। মেলার ভিড়ে ছোট্ট এই খেলনা যেন মনে করিয়ে দেয়, আনন্দের জন্য সব সময় প্রযুক্তির প্রয়োজন হয় না। কখনও কখনও মাটির চাকা আর বাঁশের কাঠিতেই লুকিয়ে থাকে এক টুকরো শৈশব।





