নয়াদিল্লী, ২৮ নভেম্বরঃ সংসদের বিশেষ অধিবেশন শুরুর আগে জাতীয় রাজনীতিতে নতুন করে উত্তাপ। মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস বিল ঘিরে যখন শাসক-বিরোধী শিবিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে, ঠিক তখনই তড়িঘড়ি দিল্লি যাওয়ার সিদ্ধান্ত জানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে কালীঘাটের বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর ঘোষণা, দলের সাংসদদের ভয় দেখানো হচ্ছে। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতেই দিল্লি যাচ্ছেন তিনি। মমতার এই ঘোষণার পর সংসদের বিশেষ অধিবেশনের আগে রাজনৈতিক মহলে জল্পনা আরও বেড়েছে।
শনিবার সাংবাদিকদের মমতা বলেন, “আমি দিল্লি যাচ্ছি। সিনিয়র লিডাররা বারবার ফোন করছেন। আমি কারও নাম বলব না। ওঁরা চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছিলেন। আমি বলেছি, সেসব লাগবে না। আমি যাব। গিয়ে খতিয়ে দেখব কী হয়েছে। তার পর যা ব্যবস্থা করার করব।” তবে ঠিক কী ধরনের ভয় দেখানোর অভিযোগ উঠেছে, কারা সেই কাজ করছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তৃণমূলনেত্রী।
আগামী সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে তিন দিনের বিশেষ অধিবেশন। ৩০ নভেম্বর লোকসভায় মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল পেশের সম্ভাবনা রয়েছে। তার পর আলোচনা ও ভোটাভুটি হতে পারে। এই দুই বিলকে ঘিরে ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে চাপানউতর। কেন্দ্রের এনডিএ সরকার বিলগুলি পাশ করাতে তৎপর। অন্যদিকে, বিরোধী দলগুলিও নিজেদের অবস্থান স্পষ্ট করতে এবং সাংসদদের একজোট রাখতে ব্যস্ত।
এই পরিস্থিতিতে তৃণমূলের সাংসদ সংখ্যা ও ভোটের অঙ্কও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তৃণমূল শিবিরের দাবি, দল থেকে বেরিয়ে যাওয়া ২০ জন সাংসদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা আট জন মোট ২৮ জনকেই রাজনৈতিক হিসাবের মধ্যে রাখতে হবে। যদিও এই সাংসদদের অবস্থান ও দলীয় পরিচয় নিয়ে রাজনৈতিক বিতর্ক রয়েছে।
এর মধ্যেই শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে লোকসভার সাংসদদের উদ্দেশে তিন লাইনের হুইপ জারি করা হয়েছে। সেখানে ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত লোকসভার অধিবেশনে দলের সমস্ত সাংসদকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও কারণেই অনুপস্থিতি গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। অর্থাৎ, বিশেষ অধিবেশনের দিনগুলিতে সাংসদদের উপস্থিতি নিশ্চিত করতে কড়া অবস্থান নিয়েছে তৃণমূল নেতৃত্ব।
এর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখেছিলেন অভিষেক। এবার মমতার দিল্লি যাওয়ার ঘোষণা। সব মিলিয়ে বিশেষ অধিবেশনের আগে তৃণমূলের সংসদীয় প্রস্তুতি যে আরও জোরদার হচ্ছে, তা স্পষ্ট। তবে সাংসদদের ভয় দেখানোর অভিযোগের নেপথ্যে কী ঘটনা রয়েছে, দিল্লিতে গিয়ে মমতা কী পদক্ষেপ করেন, এখন নজর সেদিকেই।





