নবদ্বীপ, ২৮ নভেম্বরঃ রাসের আনন্দযাত্রা তখন নবদ্বীপের পথে। প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় বাজছে তারস্বরে ডিজে। কিন্তু সেই শব্দেই ব্যাহত হচ্ছিল রামকৃষ্ণ মিশনের সন্ধ্যারতি। মিশনের প্রার্থনাগৃহে চলছিল উপাসনা। শব্দের তীব্রতা কমানোর অনুরোধ জানাতে বাইরে বেরিয়েছিলেন মিশনের সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দ মহারাজ। অভিযোগ, সেই অনুরোধের জেরেই তাঁকে গালিগালাজ করা হয়। এমনকি তাঁর গলায় থাকা গেরুয়া উত্তরীয় ধরে টানাটানিও করা হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নবদ্বীপে। বিষয়টি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ই-মেল করেছেন মহারাজ। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপের আর্জিও জানিয়েছেন তিনি।
রামকৃষ্ণ মিশন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় রানিরচড়া বটতলার ‘শ্রীশ্রী সতীর দেহত্যাগ বারোয়ারি কমিটি’র প্রতিমা বিসর্জনের জন্য পীরতলা খালের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই শোভাযাত্রার সাউন্ড সিস্টেম মিশনের মূল ফটকের সামনে রাখা হয়। তখন মিশনের সার্বজনীন প্রার্থনাগৃহে চলছিল সন্ধ্যারতি। অভিযোগ, ডিজের বিকট শব্দে প্রার্থনায় বিঘ্ন ঘটছিল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রথমে বাইরে বেরিয়ে সাউন্ড বক্সের মুখ অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার অনুরোধ করেন স্বামী অমরেশ্বরানন্দ মহারাজ। কিন্তু তাতেও শব্দের তীব্রতা কমেনি বলে দাবি মিশন কর্তৃপক্ষের। বরং কিছুক্ষণ পর তা আরও বেড়ে যায়। শব্দের দাপটে মিশনের জানলা পর্যন্ত কেঁপে উঠছিল বলে অভিযোগ।
এর পর আরতির মাঝপথে ফের বাইরে গিয়ে শব্দ কমানোর অনুরোধ করেন মহারাজ। অভিযোগ, সেই সময়ই কয়েক জন যুবক তাঁর সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। তাঁকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। এক যুবক তাঁর গেরুয়া উত্তরীয় ধরে টানাটানি করেন বলেও অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নবদ্বীপ থানার আইসিকে ফোন করেন মহারাজ। মিশন সূত্রের দাবি, খবর পেয়ে প্রায় ১০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শোভাযাত্রাটি সেখান থেকে সরিয়ে দেয়।
ঘটনার পর মুখ্যমন্ত্রীকে ই-মেল করে লিখিত অভিযোগ জানিয়েছেন স্বামী অমরেশ্বরানন্দ। রাজ্য পুলিশের ডিজি, স্বরাষ্ট্রসচিব, নদিয়ার জেলাশাসক, কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার, নবদ্বীপের বিধায়ক এবং থানার আইসি-সহ প্রশাসনের একাধিক স্তরে অভিযোগের প্রতিলিপি পাঠানো হয়েছে। শনিবার সকালে নবদ্বীপের বিধায়ক শ্রুতিশেখর গোস্বামীও মহারাজকে ফোন করে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন।
অন্যদিকে, ঘটনার পর সংশ্লিষ্ট বারোয়ারি কমিটির কয়েক জন সদস্য মিশনে গিয়ে ক্ষমা চেয়েছেন বলে জানা গিয়েছে। কমিটির সম্পাদক উত্তম সরকারের বক্তব্য, বিসর্জনের জন্য সাউন্ড সিস্টেম নিয়ে তাঁরা এসেছিলেন। প্রতিমা ও বিসর্জনের রাস্তা দেখতে তিনি সামনে চলে যাওয়ায় সেই সময় অনভিপ্রেত ঘটনাটি ঘটে। এর জন্য তাঁরা দুঃখিত। অভিযুক্ত হিসেবে চিহ্নিত রাজীব মণ্ডলও মিশনে গিয়ে ক্ষমা চেয়েছেন। তাঁর দাবি, বন্ধুর আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন, বারোয়ারি কমিটির সঙ্গে তাঁর কোনও যোগ নেই।
মিশনের সহ-সভাপতি সব্যসাচী মণ্ডল ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। স্বামী অমরেশ্বরানন্দ অবশ্য জানিয়েছেন, তিনি কারও ব্যক্তিগত ক্ষতি চান না। বিষয়টি বেলুড় মঠ এবং প্রশাসনের শীর্ষ মহলে পৌঁছে গিয়েছে। ভবিষ্যতে ডিজের শব্দে সাধারণ মানুষ, ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা প্রার্থনাকারীরা যাতে সমস্যায় না পড়েন, সে জন্য প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষের কাছে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন তিনি।





