নবদ্বীপ, ২৮ নভেম্বরঃ নবদ্বীপ ও মায়াপুরের মধ্যে স্থায়ী সেতু নির্মাণের স্বপ্ন কি এ বার বাস্তবের পথে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার কয়েক দিনের মধ্যেই শুরু হল প্রশাসনিক তৎপরতা। প্রস্তাবিত সেতুর সম্ভাব্য অবস্থান এবং নির্মাণের প্রাথমিক দিকগুলি খতিয়ে দেখতে রবিবার নবদ্বীপে যাচ্ছেন রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের একটি দল। পর্যটন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব বরুণ কুমার রায় এবং পরিবহণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি-সহ বিভিন্ন দফতরের আধিকারিকেরা সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনা করবেন। ফলে দীর্ঘদিনের দাবিকে ঘিরে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন।
সম্প্রতি নবদ্বীপের রাস উৎসবের উদ্বোধনে এসে নবদ্বীপ-মায়াপুরের মধ্যে স্থায়ী সেতু নির্মাণের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। দুই তীরের মধ্যে যোগাযোগের অন্যতম ভরসা জলপথ। প্রতিদিন অসংখ্য মানুষ, তীর্থযাত্রী ও পর্যটককে নদী পারাপার করতে হয়। বিশেষ করে উৎসবের মরসুমে যাত্রীদের চাপ বাড়লে যাতায়াতের সমস্যা আরও প্রকট হয়ে ওঠে। দীর্ঘদিন ধরেই এই পরিস্থিতি বদলাতে স্থায়ী সেতুর দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সেই দাবির বাস্তবায়ন নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে।
প্রশাসনিক সূত্রে খবর, রবিবারের পরিদর্শনে শুধু সেতুর সম্ভাব্য অবস্থান চিহ্নিত করাই নয়, নির্মাণের ক্ষেত্রে নদীর পরিস্থিতি, নদীভাঙনের প্রবণতা এবং প্রয়োজনীয় পরিকাঠামোর বিষয়গুলিও খতিয়ে দেখা হবে। কোন পথে সেতু নির্মাণ করলে যোগাযোগের সুবিধা বাড়বে, তার প্রাথমিক মূল্যায়নও হতে পারে। পাশাপাশি নবদ্বীপ ও মায়াপুরের মধ্যে জলপথ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সেতু নির্মাণে সময় লাগবে। সেই সময় পর্যন্ত সাধারণ মানুষ ও পর্যটকদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে আধুনিক ও সুসজ্জিত লঞ্চ পরিষেবা চালুর আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন ঘাটের বেহাল দশা নিয়েও ক্ষোভ প্রকাশ করে সেগুলি সংস্কার করে পর্যটকবান্ধব করে তোলার নির্দেশ দিয়েছেন তিনি। প্রাথমিক পর্যায়ে উন্নয়নমূলক কাজের জন্য দুই কোটি টাকা বরাদ্দের ঘোষণাও করা হয়েছে।
নদিয়ার জেলাশাসক শ্রীকান্ত পল্লী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই রাজ্যের আধিকারিকেরা নবদ্বীপে আসছেন। তাঁরা গোটা পরিস্থিতি খতিয়ে দেখবেন। অন্যদিকে, দ্রুত প্রশাসনিক উদ্যোগ শুরু হওয়াকে স্বাগত জানিয়েছেন নদিয়া দক্ষিণের বিজেপি সভানেত্রী অপর্ণা নন্দী। তাঁর বক্তব্য, উন্নয়নের আশাতেই বাংলার মানুষ পরিবর্তন চেয়েছিলেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই তা বাস্তবায়নের জন্য প্রশাসনিক তৎপরতা শুরু হওয়া গুরুত্বপূর্ণ।
নবদ্বীপ-মায়াপুর শুধু যোগাযোগের দুই প্রান্ত নয়, ধর্মীয় ও পর্যটন মানচিত্রেও গুরুত্বপূর্ণ দুই কেন্দ্র। ফলে স্থায়ী সেতুর পাশাপাশি ঘাট সংস্কার, উন্নত লঞ্চ পরিষেবা এবং যোগাযোগ ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন হলে উপকৃত হবেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দেশ-বিদেশের পর্যটকেরাও। রবিবারের প্রশাসনিক পরিদর্শন সেই বৃহত্তর পরিকল্পনার প্রথম পদক্ষেপ কি না, এখন সেদিকেই নজর।





