খবরিয়া ২৪ ডেস্ক, ১৮ ফেব্রুয়ারিঃ অর্থের অভাবে বহু মেধাবী পড়ুয়ার স্বপ্ন মাঝপথেই থেমে যায়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে দুর্দান্ত ফল করার পরও অনেকেই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার লক্ষ্যে এগোতে পারেন না শুধুমাত্র আর্থিক সীমাবদ্ধতার কারণে। সেই বাস্তবতাকে মাথায় রেখে রাজ্য সরকার চালু করল ‘যোগ্যশ্রী’ প্রকল্প। মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।
এই প্রকল্পের আওতায় ২০২৭ সালে জাতীয় যোগ্যতা সহ প্রবেশিকা পরীক্ষা(NEET), যৌথ প্রবেশিকা পরীক্ষা (JEE) এবং পশ্চিমবঙ্গ যৌথ প্রবেশিকা পরীক্ষা(WBJEE)পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক মেধাবী পড়ুয়ারা বিশেষ প্রশিক্ষণের সুযোগ পাবেন। প্রতি শনি ও রবিবার চার ঘণ্টা করে ক্লাস নেওয়া হবে। নিয়মিত উপস্থিতির ভিত্তিতে প্রতি ক্লাসে ৩০০ টাকা করে মোট ১০ মাসে ৩০০০ টাকা স্টাইপেন দেওয়া হবে।
তবে এই সুবিধা পেতে হলে কয়েকটি শর্ত মানতে হবে। আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় তিন লক্ষ টাকার কম হতে হবে। অনলাইন ও অফলাইন-দুইভাবেই আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করতে হবে নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করে জমা দিতে হবে। প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করাও বাধ্যতামূলক।
বর্তমানে এই প্রকল্পের সুবিধা রাজ্যের সব জেলায় চালু হয়নি। আপাতত পূর্ব মেদিনীপুর জেলার পড়ুয়ারাই আবেদন করতে পারবেন। জেলার সাতটি নির্দিষ্ট কেন্দ্রে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সেখানেই নিয়মিত ক্লাস হবে। তবে ভবিষ্যতে অন্যান্য জেলার মেধাবী পড়ুয়ারাও এই প্রকল্পের আওতায় আসবেন বলে জানা গিয়েছে।
‘যোগ্যশ্রী’ প্রকল্প নিঃসন্দেহে আর্থিকভাবে পিছিয়ে থাকা মেধাবী ছাত্র-ছাত্রীদের স্বপ্নপূরণের পথে বড় পদক্ষেপ।





