দিনহাটা, ৪ মার্চঃ: দিনহাটার একটি পাথর কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়া শ্রমিক মিঠুন পালের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। মঙ্গলবার রাতে মৃত শ্রমিকের বাড়িতে পৌঁছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে দুই লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। প্রশাসনের এই উদ্যোগে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে শোকস্তব্ধ পরিবারে।
মঙ্গলবার রাতে দিনহাটার বুড়িরহাট পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় মিঠুন পালের বাসভবনে পৌঁছান মন্ত্রী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দিনহাটা দুই নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং। প্রথমেই তাঁরা মৃত শ্রমিকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দুর্ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন। পরিবারের আর্থিক ও সামাজিক পরিস্থিতি সম্পর্কেও অবগত হন প্রশাসনিক আধিকারিকরা।
এরপর মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে দুই লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক পরিবারের হাতে তুলে দেন মন্ত্রী। তিনি জানান, এই কঠিন সময়ে রাজ্য সরকার পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। শুধু আর্থিক সাহায্য নয়, পরিবারের একজন সদস্যের জন্য নিশ্চিত কর্মসংস্থানের বিষয়েও সরকার ইতিবাচক পদক্ষেপ নেবে বলে আশ্বাস দেন তিনি।
এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী আব্দুল সাত্তারও। তিনি পরিবারকে মানসিকভাবে শক্ত থাকার আহ্বান জানান। স্থানীয় বাসিন্দারাও এসময় সেখানে ভিড় করেন এবং প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান।
উল্লেখ্য, কয়েকদিন আগে পাথর কারখানায় কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম হন মিঠুন পাল। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রশাসনের এই আর্থিক সহায়তা যদিও ক্ষতিপূরণ পূরণ করতে পারবে না, তবুও পরিবারকে কিছুটা সুরাহা দেবে বলেই মনে করছেন স্থানীয়রা।





