কলকাতা, ২৭ মেঃ আগামী ১৮ জুন থেকে শুরু হতে চলেছে রাজ্যের বাজেট অধিবেশন। বিধানসভা সূত্রে খবর, আগামী ২২ জুন রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে বিজেপি সরকার। নিয়ম মেনেই রাজ্যপালের বাজেট ভাষণের মধ্য দিয়ে অধিবেশনের সূচনা হবে। সেই বিষয়েই মঙ্গলবার বিধানসভায় এসে অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর সঙ্গে প্রাথমিক আলোচনা সারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
জানা গিয়েছে, বুধবার সকালে রাজভবনে রাজ্যপালের সঙ্গে বাজেট সংক্রান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার সম্ভাবনাও রয়েছে। অধ্যক্ষও মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে বাজেট অধিবেশন নিয়ে আলোচনা করতে পারেন বলে সূত্রের খবর।
সরকার গঠনের পর এটাই রাজ্যের প্রথম বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট। ফলে এই বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশাও তুঙ্গে। বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ইঙ্গিত মিলতে পারে বাজেটে। উন্নয়ন, কর্মসংস্থান ও জনমুখী প্রকল্পে বিশেষ জোর দেওয়া হতে পারে বলে রাজনৈতিক মহলের অনুমান।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিল তৎকালীন তৃণমূল সরকার। এবার নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে কী কী ঘোষণা হয়, সেদিকেই নজর রাজ্যবাসীর।





