আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

তীব্র গরমে স্কুলের সময়সূচি বদলের অনুমতি, মর্নিং শিফটে ক্লাস চালানোর ছাড় রাজ্যের

Published on: June 3, 2026
---Advertisement---

কলকাতা, ৩ জুন: রাজ্যের একাধিক জেলায় তীব্র গরমের পরিস্থিতির কথা মাথায় রেখে স্কুলের সময়সূচি পরিবর্তনের অনুমতি দিল রাজ্য সরকার। আগামী দুই সপ্তাহ প্রয়োজনে মর্নিং শিফটে ক্লাস চালানোর ছাড় দেওয়া হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে জেলা স্কুল পরিদর্শকদের (ডিআই)।

স্কুল শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, স্থানীয় আবহাওয়া ও পরিস্থিতি বিবেচনা করে সংশ্লিষ্ট জেলার স্কুলগুলির সময়সূচি পরিবর্তন করা যেতে পারে। নতুন সময়সূচি কার্যকর করার আগে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, অভিভাবক এবং পড়ুয়াদের আগাম জানিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জেলার স্কুল পরিদর্শকদের কাছে এ সংক্রান্ত নির্দেশিকা পৌঁছে গিয়েছে।

উল্লেখ্য, প্রবল গরমের কারণে সম্প্রতি রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি বাড়ানো হয়েছিল। ১১ মে থেকে শুরু হওয়া ছুটি ৩১ মে পর্যন্ত বহাল রাখা হয়। সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সমস্ত স্কুলে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছিল। তবে পাহাড়ি এলাকাগুলি এই নির্দেশের আওতার বাইরে ছিল। নির্ধারিত সময় অনুযায়ী ১ জুন থেকে পুনরায় স্কুল খুলেছে।

অন্যদিকে, ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগের অতিরিক্ত ওজন কমানোর লক্ষ্যে নতুন নির্দেশিকাও জারি করেছে রাজ্য সরকার। কেন্দ্রের ‘স্কুল ব্যাগ পলিসি ২০২০’-এর ভিত্তিতে তৈরি এই নির্দেশিকায় বলা হয়েছে, কোনও পড়ুয়ার স্কুল ব্যাগের ওজন তার শরীরের ওজনের ১০ শতাংশের বেশি হওয়া উচিত নয়।

এছাড়াও প্রি-প্রাইমারি স্তরে ‘নো ব্যাগ’ নীতি চালুর সুপারিশ করা হয়েছে। প্রতিটি স্কুলে ব্যাগের ওজন নিয়মিত পরীক্ষা, ওজন মাপার যন্ত্র রাখা, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা এবং মিড-ডে মিল পরিষেবাকে আরও শক্তিশালী করার নির্দেশও দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েই এই পদক্ষেপ বলে জানিয়েছে শিক্ষা দফতর।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment