কোচবিহার, ২৭ মেঃ হকারদের পুনর্বাসনের দাবিতে বুধবার নিউ কোচবিহার স্টেশন সংলগ্ন এলাকায় আন্দোলনে নামল সিটু। এদিন নিউ কোচবিহার স্টেশন অথরিটি এবং আলিপুরদুয়ার ডিআরএম-এর কাছে ডেপুটেশন জমা দেন সংগঠনের সদস্যরা।
আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্টেশন চত্বরে জীবিকা নির্বাহ করা বহু হকার অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাঁদের স্থায়ী পুনর্বাসনের বিষয়ে রেল কর্তৃপক্ষের তরফে কোনও স্পষ্ট পদক্ষেপ করা হয়নি। ফলে বহু পরিবার চরম আর্থিক সংকটে পড়েছেন বলে দাবি সিটুর।
ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ জানান, হকারদের উচ্ছেদ করার আগে তাঁদের বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পুনর্বাসন ছাড়া কোনওভাবেই হকারদের সরানো যাবে না বলেও দাবি তোলেন তাঁরা।
সিটুর পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে, দ্রুত দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। এমনকি প্রয়োজনে আমরণ অনশনেও বসার কথা ঘোষণা করা হয়েছে।
এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে স্টেশন চত্বরে কিছু সময় উত্তেজনার পরিবেশ তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। ডেপুটেশন গ্রহণ করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ বলে জানা গিয়েছে।





