শিলিগুড়ি, ১৪ মার্চঃ প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি পরিষেবা সহজলভ্য করতে বিশেষ উদ্যোগ নিল শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। পুরনিগমের উদ্যোগে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক-এ আয়োজিত হল প্রতিবন্ধী শংসাপত্র প্রদান শিবির। শনিবার অনুষ্ঠিত এই শিবিরে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ পুরনিগমের একাধিক আধিকারিক।
জানা গিয়েছে, শিবিরে আসা আবেদনকারীদের প্রথমে চিকিৎসকদের দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সংশ্লিষ্ট চিকিৎসকেরা শারীরিক অবস্থার মূল্যায়ন করে প্রতিবন্ধিতার ধরন ও মাত্রা নির্ধারণ করেন। এরপর চিকিৎসকদের সুপারিশ অনুযায়ী দ্রুত প্রতিবন্ধী শংসাপত্র প্রদান করা হয়।
পুরনিগম সূত্রে জানা গেছে, অনেক সময় সাধারণ মানুষকে এই শংসাপত্র পেতে বিভিন্ন সরকারি দফতরে বারবার যেতে হয়। ফলে অনেকেই অযথা হয়রানির শিকার হন। সেই সমস্যা কমাতেই এক ছাদের নিচে চিকিৎসা পরীক্ষা ও শংসাপত্র প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এতে বহু মানুষ সরাসরি উপকৃত হচ্ছেন বলে দাবি প্রশাসনের।
শিবিরে উপস্থিত হয়ে মেয়র গৌতম দেব বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সরকারি সুবিধা পেতে এই শংসাপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের সুবিধার কথা ভেবেই পুরনিগম নিয়মিতভাবে এই ধরনের শিবিরের আয়োজন করে চলেছে।
তিনি আরও জানান, শিবিরে আসা অনেক মানুষের শারীরিক অবস্থা দেখলে সত্যিই মন খারাপ হয়ে যায়। প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যাতে যাদের চিকিৎসার প্রয়োজন তাদের যথাযথ চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া যায় এবং প্রয়োজনীয় সহায়তা করা যায়।
পুরনিগমের এই উদ্যোগে বহু প্রতিবন্ধী ব্যক্তি এবং তাঁদের পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেছেন। ভবিষ্যতেও শহরের বিভিন্ন ওয়ার্ডে এ ধরনের শিবিরের আয়োজন করা হবে বলে জানিয়েছে পুরনিগম কর্তৃপক্ষ।





