আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

২০ হাজার রসগোল্লায় মিষ্টিমুখ শিলিগুড়ির! পর্যটনকেন্দ্রেও বাংলার রসগোল্লাকে তুলে ধরার পরিকল্পনা শঙ্করের

Published on: November 14, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১৪ নভেম্বরঃ লড়াইয়ের স্মৃতি পেরিয়ে আজ গর্বের উদযাপন। বাংলার রসগোল্লার জিআই স্বীকৃতি পাওয়ার আনন্দকে আরও একবার মানুষের মধ্যে ছড়িয়ে দিতে রসগোল্লা দিবসে মিষ্টিমুখ করল শিলিগুড়ি। সেবক মোড়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে শিলিগুড়ি সুইটস শপ ওনার্স অ্যাসোসিয়েশন। আর সেই আয়োজনের আকর্ষণ ছিল ২০ হাজারেরও বেশি রসগোল্লা। পথচলতি মানুষ থেকে শুরু করে মিষ্টিপ্রেমী সবার হাতেই তুলে দেওয়া হল বাংলার এই ঐতিহ্যবাহী মিষ্টি। তবে এবারের উদযাপনে শুধু মিষ্টিমুখ নয়, ছিল বাংলার রসগোল্লাকে পর্যটনের মানচিত্রে আরও বড় জায়গা করে দেওয়ার বার্তাও।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। নিজে হাতে সাধারণ মানুষের মধ্যে রসগোল্লা বিতরণ করেন তিনি। বাদ পড়েনি মন্ত্রীর নিজের মিষ্টিমুখও। রসগোল্লা তাঁর অত্যন্ত প্রিয় বলেও জানান শঙ্কর। বাংলার ঐতিহ্যবাহী এই মিষ্টিকে ঘিরে এমন উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, রাজ্যের খাদ্যসংস্কৃতি ও ঐতিহ্যকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরতে হবে।

সেই সূত্রেই পর্যটনের সঙ্গে রসগোল্লাকে যুক্ত করার পরিকল্পনার কথা জানান মন্ত্রী। তাঁর বক্তব্য, আগামী দিনে রাজ্যের বিভিন্ন পর্যটনকেন্দ্র এবং পর্যটন হাবগুলিতে বিশেষভাবে প্রমোট করা হবে বাংলার রসগোল্লাকে। পর্যটকেরা যাতে বাংলার দর্শনীয় স্থান ঘোরার পাশাপাশি এখানকার বিখ্যাত মিষ্টির স্বাদও নিতে পারেন, সেই ব্যবস্থার উপর জোর দেওয়া হবে। শুধু রসগোল্লা নয়, বাংলার অন্যান্য ঐতিহ্যবাহী খাদ্যসামগ্রীকেও পর্যটনের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ জন্য পর্যটন দফতরের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

অন্যদিকে, শিলিগুড়ি সুইটস শপ ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিজয় ধর জানান, বাংলার রসগোল্লার জিআই স্বীকৃতির স্মৃতিকে উদযাপন করতেই এই উদ্যোগ। ২০ হাজারেরও বেশি রসগোল্লা বিতরণের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বাংলার মিষ্টির ঐতিহ্য ও গৌরবকে ছড়িয়ে দেওয়াই তাঁদের লক্ষ্য।

এক সময় রসগোল্লার উৎস ও পরিচয় নিয়ে দীর্ঘ বিতর্ক হয়েছিল। সেই লড়াইয়ের পর বাংলার রসগোল্লার জিআই স্বীকৃতি রাজ্যের মিষ্টি শিল্পের কাছে হয়ে উঠেছিল বিশেষ গর্বের মুহূর্ত। এবার সেই গর্বকেই পর্যটনের সঙ্গে জুড়ে দিতে চাইছে রাজ্য। সেবক মোড়ের মিষ্টিমুখ তাই নিছক এক দিনের উৎসব নয়, বাংলার রসগোল্লাকে আরও বড় পরিচিতি দেওয়ার নতুন ভাবনারও ইঙ্গিত।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment