কোচবিহার, ১৪ নভেম্বরঃ ঐতিহ্য বনাম ধর্মীয় আবেগের টানাপড়েনে অবশেষে মিলল স্বস্তি। কোচবিহারের হেরিটেজ সাগরদিঘিতে এ বছর ছটপুজো করতে পারবেন পুণ্যার্থীরা। উচ্চ আদালতের নির্দেশে সেই অনুমতি মিলেছে বলে দাবি বিশ্ব হিন্দু পরিষদের। প্রশাসনের নিষেধাজ্ঞার জেরে সাগরদিঘিতে ছটপুজো করা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, আদালতের নির্দেশে আপাতত তার অবসান হল। এই রায়কে ছট ব্রতী ও দীর্ঘদিনের পুজোর ঐতিহ্যের জয় হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
রাজাদের শহর কোচবিহারের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে সাগরদিঘি। রাজতন্ত্রের অবসান হলেও শহরের ঐতিহাসিক স্থাপত্য ও জলাশয়গুলির গুরুত্ব আজও অমলিন। আগের সরকারের আমলে কোচবিহারকে হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করা হয়েছিল। সেই ঐতিহ্য ও পরিবেশ রক্ষার কথা মাথায় রেখেই প্রশাসনের তরফে এ বছর সাগরদিঘিতে ছটপুজোর অনুমতি দেওয়া হয়নি বলে জানা গিয়েছে। পরিবর্তে শহর সংলগ্ন তোর্সা নদীতে পুজোর ব্যবস্থা করা হয়।
কিন্তু প্রশাসনের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি হরিজন সমাজের একাংশের মানুষ। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে সাগরদিঘিতেই ছটপুজো করে আসছেন তাঁরা। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা সেই ধর্মীয় রীতির সঙ্গে তাঁদের আবেগ জড়িয়ে রয়েছে। তাই বিকল্প ঘাটের ব্যবস্থা করা হলেও সাগরদিঘিতে পুজোর অনুমতি না মেলায় ক্ষোভ তৈরি হয়। সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভও দেখান তাঁরা। তবে তাতেও সমস্যার সমাধান হয়নি।
এরপরই বিষয়টি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয় বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনের দাবি, গতকাল আদালত নির্দেশ দিয়েছে, এ বছর কোচবিহারের হেরিটেজ সাগরদিঘিতে ছটপুজো করতে পারবেন পুণ্যার্থীরা। সেই নির্দেশের পরেই বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে বিষয়টি সামনে আনে সংগঠন।
সাগরদিঘির ঐতিহ্য রক্ষা এবং দীর্ঘদিনের ধর্মীয় রীতির মধ্যে সমন্বয় কী ভাবে বজায় রাখা যায়, তা নিয়ে বিতর্ক চলছিল। আদালতের নির্দেশে পুণ্যার্থীদের পুজোর অধিকার নিয়ে আপাতত স্বস্তি ফিরলেও, ঘাটের নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং প্রশাসনিক ব্যবস্থাপনার দিকে এখন নজর থাকবে সকলের। কারণ, ঐতিহ্যের শহরে উৎসবের আনন্দ বজায় রাখার পাশাপাশি সাগরদিঘির ঐতিহাসিক গুরুত্ব রক্ষাও সমান জরুরি।





