কলকাতা, ২০ নভেম্বরঃ পাঠ্যবইয়ের প্রথম কয়েকটি পাতাতেই এবার নতুন সংযোজন। বন্দে মাতরমের পরের পাতায় থাকবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি, জীবনী এবং দেশের প্রতি তাঁর অবদানের কথা। শুধু ইতিহাসের বই নয়, আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্য সরকারি স্কুলের প্রায় সব পাঠ্যবইয়েই এই পরিবর্তন আনার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পূর্বঘোষণা মেনেই এই পদক্ষেপ বলে শিক্ষা দফতর সূত্রে খবর।
এত দিন ইতিহাসের পাঠ্যক্রমেই মূলত বিভিন্ন মনীষী ও রাজনৈতিক ব্যক্তিত্বের অবদান পড়ার সুযোগ পেত পড়ুয়ারা। এবার সেই গণ্ডি পেরিয়ে বাংলা, ইংরেজি, ভূগোল, বিজ্ঞান-সহ বিভিন্ন বিষয়ের বইয়ের শুরুতেই শ্যামাপ্রসাদের পরিচিতি রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষা দফতরের এক সূত্রের দাবি, ইংরেজি বইয়ে ইতিমধ্যেই তাঁর ছবি ও জীবনী রাখা হয়েছে। সেই কারণে অন্য বিষয়গুলির বইতেও একই ব্যবস্থা থাকবে বলেই মনে করা হচ্ছে।
যদিও বিষয়টি নিয়ে সিলেবাস কমিটির চেয়ারম্যান দেবাশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলেও বৃহস্পতিবার স্পষ্ট কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে সিলেবাস কমিটি সূত্রে খবর, প্রাথমিক স্তরের পাঠ্যবইয়ে আপাতত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে অন্তর্ভুক্ত করা হচ্ছে না।
উল্লেখযোগ্য বিষয়, আগামী শিক্ষাবর্ষের জন্য পাঠ্যবই ছাপার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। অষ্টম শ্রেণির ইংরেজি বইয়ের মলাটের রংও গেরুয়া করা হয়েছে বলে জানা গিয়েছে। এই পরিবর্তন ঘিরে শিক্ষকমহলের একাংশের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাঁদের বক্তব্য, ইতিহাসের পাঠ্যক্রমে শ্যামাপ্রসাদের অবদান তুলে ধরার যৌক্তিকতা নিয়ে আপত্তি নেই। কিন্তু বাংলা, বিজ্ঞান কিংবা ভূগোলের মতো পৃথক বিষয়ের বইয়ের শুরুতে একই ব্যক্তির জীবনী রাখার প্রয়োজনীয়তা কতটা, তা নিয়ে আলোচনা হওয়া দরকার।
প্রসঙ্গত, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই সংক্রান্ত একাধিক পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। তাঁকে নিয়ে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠ্যক্রমে বিশেষ অধ্যায় অন্তর্ভুক্ত করা এবং পৃথক বই প্রকাশের উদ্যোগের কথাও জানানো হয়েছিল।
সব মিলিয়ে নতুন শিক্ষাবর্ষে রাজ্যের স্কুলপাঠ্যে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট। তবে এই সিদ্ধান্ত শিক্ষাক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে বিতর্কও ক্রমশ দানা বাঁধছে।





